Home ত্রিপুরাগ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে বিরজিতের প্রকাশ্য সমর্থন, রাজনৈতিক মহলে নতুন জল্পনা

গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে বিরজিতের প্রকাশ্য সমর্থন, রাজনৈতিক মহলে নতুন জল্পনা

by Debasish
0 comments 1 views

কৈলাসহরের নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে দাবি মেনে নেওয়ার আহ্বান কংগ্রেস বিধায়কের

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা। মঙ্গলবার কৈলাসহরের চিনিবাগান বাজারে জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভা থেকে তিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহাকেও এই দাবি সমর্থনের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরজিত সিনহা বলেন, প্রদ্যুত কিশোর দেববর্মনের উত্থাপিত গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি মেনে নেওয়া উচিত। বক্তব্যে তিনি ত্রিপুরার ঐতিহাসিক ও ভৌগোলিক প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর দাবি, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও সিলেট-সহ কিছু অঞ্চলের সঙ্গে ত্রিপুরার রাজাদের শাসন ও প্রশাসনিক সম্পর্ক ছিল। সেই ঐতিহাসিক প্রসঙ্গের ভিত্তিতেই তিনি গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবির প্রতি সমর্থন জানান।

এদিন বিজেপি ও সিপিআইএমের বিরুদ্ধেও সরব হন বিরজিত। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাঁর দাবি, প্রদ্যুত কিশোর দেববর্মন সুপ্রিম কোর্টে মামলা করার পর আদালতের নির্দেশের পরই শেষ পর্যন্ত ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গৌরনগর ব্লকের হীরাছড়া, দেওরাছড়া ও ঊনকোটি—এই তিনটি এডিসি ভিলেজের মোট ২৫টি আসনে বিজেপি, কংগ্রেস, তিপ্রা মথা ও সিপিআইএমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। কংগ্রেসের নির্বাচনী সভায় দলের ২৫ জন প্রার্থী ছাড়াও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment