Home আগরতলাপ্রার্থীদের বাড়ি পর্যন্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, স্পষ্ট জানালেন রাজ্য নির্বাচন কমিশনার

প্রার্থীদের বাড়ি পর্যন্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, স্পষ্ট জানালেন রাজ্য নির্বাচন কমিশনার

by Debasish
0 comments 1 views

আগরতলা, ৭ নভেম্বর: আসন্ন পুর নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য নির্বাচন কমিশন। প্রত্যেক প্রার্থীর বাড়ি পর্যন্ত নিরাপত্তারক্ষী পৌঁছে দেওয়া বাস্তবসম্মত নয় বলে জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার চক্রবর্তী। তবে রিটার্নিং অফিসারদের কার্যালয়ে যাতে নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে কে প্রার্থী হবেন, কে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেবেন কিংবা কোন রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা আগে থেকে নির্দিষ্ট করে জানা সম্ভব নয়। ফলে প্রত্যেক সম্ভাব্য প্রার্থীর ব্যক্তিগত বাসভবন পর্যন্ত নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা কার্যত অসম্ভব। তবে মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত কেন্দ্রগুলিতে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা বাধার সৃষ্টি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে।

এদিকে তেলিয়ামুড়া পুর পরিষদে দুই সম্ভাব্য প্রার্থীকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ নিয়েও মুখ খোলেন তিনি। কমিশনের কাছে অভিযোগ পৌঁছানোর পরই বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছিল বলে জানান ড. চক্রবর্তী।

তাঁর বক্তব্য অনুযায়ী, তেলিয়ামুড়ার রিটার্নিং অফিসার কমিশনকে জানিয়েছেন, অভিযোগে উল্লিখিত কোনও প্রার্থীই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তাঁর দফতরে আসেননি। এক দম্পতি সেখানে গিয়েছিলেন ঠিকই, তবে তাঁরা মূলত কিছু বিষয় জানতে এসেছিলেন। মনোনয়ন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁরা কোনও আবেদনও জানাননি বলে দাবি করেন কমিশনার।

পাশাপাশি ওই দম্পতিকে জোর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগও নাকচ করেন তিনি। তাঁর দাবি, তাঁরা নিজেরাই ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।

নির্বাচন কমিশনারের বক্তব্য, গোটা মনোনয়ন প্রক্রিয়ার উপর কমিশন নজর রাখছে। কোথাও কোনও অভিযোগ সামনে এলে তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে যাতে কোনও প্রার্থী বাধার সম্মুখীন না হন, সেই পরিবেশ বজায় রাখাই কমিশনের লক্ষ্য বলে জানান তিনি।

তবে বিরোধীদের তরফে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে একাধিক স্থানে বাধা ও নিরাপত্তাহীনতার যে অভিযোগ তোলা হয়েছে, তার মধ্যেই নির্বাচন কমিশনারের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

You may also like

Leave a Comment