Home আগরতলামাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান অধ্যক্ষ রামপদ জমাতিয়ার

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান অধ্যক্ষ রামপদ জমাতিয়ার

by Debasish
0 comments 14 views

আগরতলা, ২৮ আগস্ট: রাজ্যে মাদকের বিস্তার রোধে শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, গোটা সমাজকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া। বিধানসভার অধিবেশনে মাদক সংক্রান্ত আলোচনা চলাকালীন তিনি বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজ সচেতন ও ঐক্যবদ্ধ হলে নেশামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

অধিবেশনে বিরোধী দলের বিধায়কদের পক্ষ থেকে মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়। বিশেষ করে, মাদক কারবারের সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে সভায় আলোচনা হয়।

বিরোধী বিধায়কদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা স্পষ্ট জানিয়ে দেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি বলেন, মাদক কারবারের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকেই রেহাই দেওয়া হবে না। অপরাধী যদি পুলিশ বাহিনী বা কোনো সরকারি দপ্তরের সদস্যও হন, তাহলেও তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই মাদক কারবারের অভিযোগে কয়েকজনকে অর্থসহ গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের ক্ষেত্রেও পুলিশই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ও আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত সরকারি কর্মী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের বিস্তারিত তথ্য ও নির্দিষ্ট সংখ্যা পরবর্তী সময়ে বিধানসভায় পেশ করা হবে।

আলোচনার শেষে অধ্যক্ষ রামপদ জামাতিয়া বলেন, মাদকের বিরুদ্ধে লড়াইকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ একসঙ্গে এগিয়ে এলে নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্য আরও শক্তিশালী হবে।

নেশার বিরুদ্ধে প্রশাসনিক অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধকেই মাদকমুক্ত ত্রিপুরা গড়ার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে তুলে ধরা হয় বিধানসভায়।

You may also like

Leave a Comment