Home আগরতলাব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত, IBA-র সঙ্গে বৈঠকে একাধিক বিষয়ে সমঝোতা UFBU-র

ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত, IBA-র সঙ্গে বৈঠকে একাধিক বিষয়ে সমঝোতা UFBU-র

by Debasish
0 comments 5 views

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর: অবশিষ্ট শনিবারগুলিকে ছুটির আওতায় আনা, Scale-IV ও তার ঊর্ধ্বতন আধিকারিকদের PLI Scheme এবং অন্যান্য বকেয়া বিষয় নিয়ে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে আলোচনার পর আপাতত প্রস্তাবিত আন্দোলন ও ধর্মঘট কর্মসূচি স্থগিত করল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স (UFBU)।

২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় IBA এবং UFBU-র মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর বেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছনো হয়েছে বলে UFBU-র জারি করা সার্কুলারে জানানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, অবশিষ্ট শনিবারগুলিকে ব্যাংক ছুটি হিসেবে ঘোষণা করার বিষয়টি নিয়ে IBA ও UFBU-র একটি উচ্চপর্যায়ের কমিটি অবিলম্বে গঠন করা হবে। এই কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য বিভিন্ন বিকল্প খতিয়ে দেখবে এবং গ্রাহকদের স্বার্থকে বিশেষ গুরুত্ব দিয়ে একটি গ্রহণযোগ্য সমাধান বের করার চেষ্টা করবে।

এছাড়াও Scale-IV এবং তার ঊর্ধ্বতন স্তরের আধিকারিকদের জন্য চালু PLI Scheme নিয়েও আলোচনা শুরু হবে। ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনগুলির উত্থাপিত বিভিন্ন পর্যবেক্ষণ বিবেচনা করে IBA সরকারের কাছে সংশোধিত প্রস্তাব দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি ৮ মার্চ ২০২৪-এর বৈঠকের কার্যবিবরণীতে উল্লেখ থাকা অবশিষ্ট বিষয়গুলিও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে IBA এবং UFBU-র মধ্যে আলোচনা চালানো হবে।

এই আলোচনার পরিপ্রেক্ষিতেই UFBU-র পক্ষ থেকে প্রস্তাবিত আন্দোলন কর্মসূচি এবং ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার মাধ্যমে বিষয়গুলির দ্রুত সমাধানের দিকে এগোনো হবে।

You may also like

Leave a Comment