গোপন সংবাদের ভিত্তিতে নাকা চেকিংয়ে বিলাসবহুল মারুতি আটক, চালক গ্রেপ্তার
খোয়াই, ৬ সেপ্টেম্বর: নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল খোয়াইয়ের বাইজালবাড়ি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল মারুতি গাড়ির তেলের ট্যাংকের ভিতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গাড়িটি আটক করার পাশাপাশি চালককেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই গভীর রাতে বিলাসবহুল মারুতি গাড়িতে করে নেশাজাতীয় সামগ্রী পাচারের খবর পাচ্ছিলেন বাইজালবাড়ি থানার ওসি সমরেশ চাকমা। সেই খবরের ভিত্তিতে সংশ্লিষ্ট গাড়ি ও সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি শুরু করে পুলিশ।
এরই মধ্যে রবিবার গোপন সূত্রে খবর আসে, একটি বিলাসবহুল মারুতি গাড়িতে করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী পাচারের চেষ্টা করা হবে। খবর পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে বাইজালবাড়ি থানার পুলিশ। ওসি সমরেশ চাকমা এবং সেকেন্ড ওসি তিলক জমাতিয়ার নেতৃত্বে বেলফাং নাকায় শুরু হয় বিশেষ নাকা অভিযান।
অভিযানের সময় TR 01 CH 0592 নম্বরের একটি বিলাসবহুল মারুতি গাড়ি আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালানোর সময় তেলের ট্যাংকের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় মোট ১৪২ বোতল ফেনসিডিল।
এরপর গাড়িসহ চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার অভিযুক্ত চালককে খোয়াই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং কোথা থেকে নেশাজাতীয় সামগ্রী আনা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাইজালবাড়ি থানার পুলিশ।