Home আগরতলানারী শিক্ষা ও স্বনির্ভরতায় আরও সুযোগ সৃষ্টির আহ্বান মুখ্যমন্ত্রীর

নারী শিক্ষা ও স্বনির্ভরতায় আরও সুযোগ সৃষ্টির আহ্বান মুখ্যমন্ত্রীর

by Debasish
0 comments 4 views

আগরতলা, ২১ আগস্ট: নারী ও শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মহিলাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আরও বেশি সুযোগ তৈরির উপর গুরুত্ব দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সামাজিক সচেতনতা ছাড়া নারী ও শিশুর অধিকার, নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার সচিবালয়ের কনফারেন্স হল-১-এ পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী। প্রথম বৈঠকে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের কার্যক্রম এবং পরবর্তী বৈঠকে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বাল্যবিবাহ, নেশাসক্তি, নারী ও শিশুদের নিরাপত্তা এবং সাইবার সুরক্ষার মতো বিষয়গুলিতে সমাজের সর্বস্তরে আরও বেশি সচেতনতা গড়ে তুলতে হবে। শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সমাজে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।

সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে নাটকসহ বিভিন্ন সৃজনশীল মাধ্যম ব্যবহারের পাশাপাশি নিয়মিত সেমিনার, কর্মশালা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। স্থানীয় স্তরে নারী ও শিশুদের সমস্যাগুলি চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

এই উদ্যোগে বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, সমাজকর্মী, বুদ্ধিজীবী এবং স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার পরামর্শ দেন ডা. সাহা।

বৈঠকে বিভিন্ন আবাসিক শিশু পরিচর্যা কেন্দ্রের শিশুদের কল্যাণ নিয়েও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই শিশুদের যথাযথ শিক্ষা ও পরিচর্যার পাশাপাশি দক্ষতা উন্নয়নের সুযোগ দিতে হবে। ভবিষ্যতে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সমাজের মূলস্রোতে প্রতিষ্ঠিত হতে পারে, সেদিকে বিশেষ নজর প্রয়োজন।

নারী ক্ষমতায়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের আরও বেশি করে শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। এর মাধ্যমে তাঁদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলস্রোতে আরও সক্রিয়ভাবে যুক্ত করা সম্ভব হবে।

বৈঠকের শুরুতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরের বিশেষ সচিব তপন কুমার দাস ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বিদ্যালয় ও শিশু পরিচর্যা কেন্দ্র পরিদর্শন, কাউন্সেলিং, বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি।

অন্যদিকে, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে মহিলাদের অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে বৈঠকে অবহিত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে, সচিব অপূর্ব রায় ও পি.কে. গোয়েল-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

You may also like

Leave a Comment