আগরতলা, ২৫ আগস্ট: শুধুমাত্র নির্বাচনী লাভের জন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা। তাঁর দাবি, এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে তিপ্রা মথার কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ভবিষ্যতে কোনও রাজনৈতিক সমঝোতা হলেও তাতে ত্রিপুরার জনজাতি জনগোষ্ঠীর অধিকার, স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।
মঙ্গলবার দলের রাজনৈতিক কৌশল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত বলেন, এখনও পর্যন্ত তিনি বা তাঁর দল অন্য কোনও রাজনৈতিক দলের কাছ থেকে জোটের কোনও আনুষ্ঠানিক প্রস্তাব পাননি। শুধুমাত্র নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য জোটে যাওয়ার কোনও আগ্রহ তিপ্রা মথার নেই।
তিনি বলেন, “নেতারা যদি কিছু পান, কিন্তু আমার জনজাতি মানুষ কিছু না পান, তাহলে আমি এই ধরনের রাজনীতি করতে চাই না।”
প্রদ্যোতের বক্তব্য, কোনও জাতীয় রাজনৈতিক দল তিপ্রা মথার সমর্থন চাইলে প্রথমে তাদের জনজাতিদের অধিকার রক্ষার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া জনজাতি মানুষের কাছে ভোট চাওয়ার নৈতিক ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি জানান, নির্বাচন আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই দলের পক্ষ থেকে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। কোনও জোট না হলে তিপ্রা মথা একাই নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
প্রদ্যোত বলেন, “আমরা একাই টিটিএএডিসি নির্বাচন লড়েছি, বিধানসভা নির্বাচনও একাই লড়েছি। ভিলেজ কাউন্সিল নির্বাচনও আমরা একাই লড়ব।”
এদিকে তিপ্রা মথার রাজনৈতিক অবস্থানকে বাঙালি বিরোধী হিসেবে তুলে ধরার প্রচেষ্টারও বিরোধিতা করেন প্রদ্যোত। তিনি স্পষ্ট করে বলেন, তাঁদের লড়াই কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। বরং জনজাতিদের জমি, পরিচয় ও ভবিষ্যৎ রক্ষাই তাঁদের রাজনৈতিক আন্দোলনের মূল লক্ষ্য।
তিনি বলেন, “আমরা ত্রিপুরার বাঙালিদের সঙ্গে লড়াই করছি না। আমরা আমাদের জমি এবং ভবিষ্যৎ রক্ষার জন্য লড়াই করছি।”
বাংলাদেশ থেকে অবৈধভাবে মানুষের প্রবেশের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রদ্যোত। এ প্রসঙ্গে তিনি পাথারকান্দি-সহ বিভিন্ন এলাকার পরিস্থিতি এবং উত্তর-পূর্বাঞ্চলে জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন।
তবে একইসঙ্গে টিটিএএডিসি-র অধীন এলাকায় বসবাসকারী অ-জনজাতি মানুষের অধিকার নিয়েও আশ্বাস দেন তিনি। শান্তিপূর্ণভাবে বসবাসকারী অ-জনজাতি নাগরিকদের কোনও অধিকার থেকে বঞ্চিত করা হবে না এবং তাঁরা আইনের সুরক্ষা পাবেন বলে জানান প্রদ্যোত।
তাঁর বক্তব্যে স্পষ্ট, তিপ্রা মথার রাজনৈতিক অবস্থানের মূল লক্ষ্য জনজাতি মানুষের অধিকার ও স্বার্থ সুরক্ষিত করা। একইসঙ্গে ত্রিপুরায় শান্তি, সহাবস্থান এবং সকল সম্প্রদায়ের অধিকার বজায় রাখার কথাও তুলে ধরেন তিনি।