Home ত্রিপুরাজমির ফসল নষ্ট ও সীমানার খুঁটি ভাঙার অভিযোগ, পারিবারিক বিবাদে উত্তেজনা সমরেন্দ্রগঞ্জে

জমির ফসল নষ্ট ও সীমানার খুঁটি ভাঙার অভিযোগ, পারিবারিক বিবাদে উত্তেজনা সমরেন্দ্রগঞ্জে

by Debasish
0 comments 4 views

আগরতলা, ২৪ অক্টোবর: জমিজমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ এবার গড়াল ফসল নষ্টের অভিযোগ পর্যন্ত। বড় ভাইয়ের চাষের জমিতে আগাছানাশক প্রয়োগ করে ফসল নষ্ট করে দেওয়া এবং জমির সীমানার খুঁটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার সমরেন্দ্রগঞ্জ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনাটি পয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত সমরেন্দ্রগঞ্জ এলাকার। অভিযোগকারী মরণ পাল কর্মসূত্রে পরিবারের সঙ্গে উদয়পুরে বসবাস করেন। তাঁর অভিযোগ, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে ছোট ভাই অরুণ পাল, মনসা পাল এবং তাঁদের মেয়ে পাপিয়া পাল চাষের জমিতে আগাছানাশক প্রয়োগ করেন। এর ফলে জমিতে থাকা ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তিনি।

শুধু ফসলের ক্ষতিই নয়, জমির সীমানা চিহ্নিত করার জন্য বসানো একাধিক খুঁটিও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ মরণ পালের। তাঁর আরও দাবি, ওই জমিতে ভবিষ্যতে চাষাবাদ করতে দেওয়া হবে না বলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে।

চাষের উপর নির্ভরশীল জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন অভিযোগকারী। জমি নিয়ে এই বিরোধের জেরে তাঁর জীবিকা ও ভবিষ্যৎ চাষাবাদ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ঘটনার পর বিচার চেয়ে শ্রীনগর পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হয়েছেন মরণ পাল। তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

You may also like

Leave a Comment