ক্যাম্পের বাজার থেকে দুই সন্দেহভাজন চোর গ্রেপ্তার, উদ্ধার চুরি যাওয়া ব্যাটারি ও অটো। বিশালগড়ে দুর্গানগরের চুরির ঘটনায় ধরা পড়ল রবিউল হোসেন, আটক বাইক ও গাড়ি।
আগরতলা, ৪ নভেম্বর: উৎসবের মরশুমের রেশ কাটতে না কাটতেই সামনে নগর নির্বাচন। এর মধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। এবার চোরের দৌরাত্ম্য থেকে রেহাই পেল না আগরতলা স্মার্ট সিটির পরিকাঠামোও। শহরের বিভিন্ন এলাকা থেকে স্মার্ট সিটির ব্যাটারি চুরির ঘটনায় তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। অন্যদিকে, বিশালগড়েও একাধিক চুরির অভিযোগে এক দাগি চোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ছয় থেকে সাত দিন ধরে আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে স্মার্ট সিটির ব্যাটারি চুরি হচ্ছিল। ধারাবাহিকভাবে এই চুরির ঘটনা ঘটতে থাকায় স্মার্ট সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পূর্ব আগরতলা থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে ক্যাম্পের বাজার এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু ব্যাটারি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যাটারিগুলি অভয়নগর এলাকা থেকে চুরি হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত একটি অটো গাড়িও আটক করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।
পুলিশের দাবি, আটক দুই ব্যক্তি চুরির ঘটনায় পরিচিত অপরাধী। পূর্ব আগরতলা, পশ্চিম আগরতলা এবং আমতলী থানায় অতীতেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চুরির নেপথ্যে আরও কারা রয়েছে এবং চুরি যাওয়া সামগ্রী কোথায় পাচার করা হয়েছে, তা জানতে ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, বিশালগড়েও চুরির ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে রবিউল হোসেন নামে এক অভিযুক্ত। অভিযোগ, গত অক্টোবর মাসে বিশালগড়ের দুর্গানগর এলাকার একটি বাড়িতে চুরি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় সে। পরবর্তীতে চুরি করা অর্থ দিয়ে মোবাইল ফোন ও বাইক কেনার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রবিউলকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি গাড়ি ও বাইকও আটক করা হয়েছে বলে জানা গেছে।