২১৯৩টি শূন্যপদের তথ্য তুলে ধরে দ্রুত ফল প্রকাশের দাবি পরীক্ষার্থীদের। সুপ্রিম কোর্টে রাজ্যের দায়ের করা মামলায় ফল প্রকাশ বা নিয়োগের উপর স্থগিতাদেশ নেই বলেও দাবি তাঁদের।
আগরতলা, ৪ নভেম্বর: শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা দিয়েও দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে না চাকরিপ্রার্থীদের। ২০২২ সালের স্নাতক শিক্ষক নিয়োগ পরীক্ষা (STGT)-র ফলাফল এখনও প্রকাশিত না হওয়ায় ক্ষোভ বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে। প্রায় পাঁচ বছর ধরে অপেক্ষা করেও নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি না হওয়ায় এবার দ্রুত ফল প্রকাশ ও নিয়োগের দাবিতে সরব হলেন তাঁরা। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নিজেদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন চাকরিপ্রার্থীরা।
পরীক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, ২০২২ সালের STGT পরীক্ষার জন্য প্রাথমিকভাবে ২৩০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এর মধ্যে ১৭২টি তপশিলি জাতি সংরক্ষিত পদ বহাল রাখার আবেদনকে কেন্দ্র করে দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, এই বিষয়টির নিষ্পত্তির অপেক্ষায় বছরের পর বছর কেটে গেলেও পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না।
চাকরিপ্রার্থীরা জানান, বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের কাছে আবেদন জানিয়েও তাঁরা কোনও নির্দিষ্ট আশ্বাস পাননি। দপ্তরের আধিকারিকদের তরফে জানানো হচ্ছে, সরকারের নির্দেশ ছাড়া তাঁদের পক্ষে কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। অথচ সরকারের তরফ থেকেও সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাঁদের।
সাংবাদিক সম্মেলনে পরীক্ষার্থীরা আরও দাবি করেন, হাইকোর্টের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য মোট ২১৯৩টি শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদগুলির মধ্যে থেকে STGT-২০২২-এর পরীক্ষার্থীদের নিয়োগের ব্যবস্থা করা হলে বহু শিক্ষিত বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তাঁদের দাবি, ইতিমধ্যেই এক হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন।
তবে দীর্ঘ সময়ের মধ্যে অনেক পরীক্ষার্থী অন্য নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন। তাই প্রথমে ফল প্রকাশ করা জরুরি বলে মনে করছেন তাঁরা। এর ফলে বর্তমানে কতজন পরীক্ষার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছেন, সেই প্রকৃত চিত্রও সামনে আসবে।
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা বিশেষ অনুমতিমূলক আবেদন (SLP) নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, এই মামলা তাঁদের পক্ষ থেকে দায়ের করা হয়নি। গত ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট সংরক্ষণের বিধি মেনে নিয়োগের বিষয়ে নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
পরীক্ষার্থীদের দাবি, গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের প্রকাশিত একটি আদেশ থেকে তাঁরা জানতে পেরেছেন, সুপ্রিম কোর্টে দায়ের করা ওই SLP-তে STGT পরীক্ষার ফল প্রকাশ কিংবা নিয়োগ প্রক্রিয়ার উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। সেক্ষেত্রে ফল প্রকাশ আটকে রাখার আর কোনও আইনি বাধা থাকার কথা নয় বলেই তাঁদের অভিমত।
দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চিত ভবিষ্যৎ এবং কর্মসংস্থানের সুযোগ হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন পরীক্ষার্থীরা। তাঁদের একটাই দাবি, আইনি জটিলতার অজুহাতে আর বিলম্ব না করে অবিলম্বে STGT-২০২২-এর ফল প্রকাশ করা হোক এবং শূন্যপদ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক।