Home আগরতলাআদালতের নির্দেশ মেনেই নন্দননগরে উচ্ছেদ অভিযান: মেয়র দীপক মজুমদার

আদালতের নির্দেশ মেনেই নন্দননগরে উচ্ছেদ অভিযান: মেয়র দীপক মজুমদার

by Debasish
0 comments 25 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: নন্দননগর এলাকায় ডন বস্কো স্কুলের সামনে পুরনিগমের উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ করে দিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বিধানসভায় তিনি জানান, হাইকোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের রায় মেনেই এলাকায় অবৈধ দখল উচ্ছেদে পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিধানসভায় এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে মেয়র বলেন, নন্দননগরে উচ্ছেদ অভিযান কোনো আকস্মিক বা উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত নয়। দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে মাংস, সবজি-সহ বিভিন্ন দোকান বসানোর অভিযোগ আসছিল। বিশেষ করে স্কুলের সামনে দখলের কারণে ছাত্রছাত্রী, অভিভাবক এবং সাধারণ পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল এবং দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছিল। সেই পরিস্থিতিতে আদালতের নির্দেশনা মেনেই পুরনিগম প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলে তিনি জানান।

উচ্ছেদের আগে মাইকিং বা নোটিশ দেওয়া হয়নি—বিরোধীদের এই অভিযোগও নাকচ করেন মেয়র। তাঁর দাবি, অভিযান চালানোর আগে নিয়ম মেনে মাইকিং করে অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় নোটিশও দেওয়া হয়েছে।

দীপক মজুমদার বলেন, ফুটপাত ও রাস্তা মূলত পথচারী ও যানবাহন চলাচলের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের নিরাপদ ও স্বাভাবিক চলাচলের অধিকার নিশ্চিত করা পুরনিগম ও প্রশাসনের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দখলদারদের জীবিকা নিয়ে সরকার ও পুরনিগমও চিন্তিত বলে জানান মেয়র। কাউকে অকারণে জীবিকাহীন করা সরকারের উদ্দেশ্য নয়। প্রয়োজন অনুযায়ী পুনর্বাসনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে তিনি বিধানসভায় জানান।

মেয়র আরও বলেন, আগরতলা শহরকে যানজটমুক্ত, নিরাপদ ও স্বচ্ছ রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে পুরনিগমের অভিযান ভবিষ্যতেও চলবে। আদালতের নির্দেশনা এবং আইন মেনেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment