আগরতলা: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জয় করে দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করা ত্রিপুরার কৃতি ক্রীড়াবিদ অস্মিতা দে-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাল ত্রিপুরা বিধানসভা।
বিধানসভার অধিবেশনে সভার পক্ষ থেকে অস্মিতার ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়। বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অস্মিতার এই সাফল্য ত্রিপুরার পাশাপাশি সমগ্র দেশের জন্য গর্বের বিষয়। তাঁর এই জয় আগামী প্রজন্মের ক্রীড়াবিদদেরও অনুপ্রাণিত করবে।
দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার দক্ষিণ সুনাইছড়ি গ্রামের মেয়ে অস্মিতা দে নানা প্রতিকূলতার মধ্যেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজের জায়গা করে নিয়েছেন। তাঁর সাফল্যের পেছনে পরিবার ও প্রশিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও এদিন উল্লেখ করা হয়।
বিধানসভার পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে অস্মিতার লক্ষ্য আরও বড় আন্তর্জাতিক মঞ্চে সাফল্য অর্জন করা। এশিয়ান গেমসে অংশগ্রহণের প্রস্তুতিও তিনি চালিয়ে যাচ্ছেন।
অস্মিতার এই ঐতিহাসিক সাফল্যে তাঁর পরিবার, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে বিধানসভার সদস্যরা তাঁর আগামী দিনের ক্রীড়া জীবনের আরও সাফল্য কামনা করেন।