Home অপরাধনাকা পয়েন্টের সামনেই পিস্তল-কার্তুজ ও ইয়াবা! গ্রেফতার ২

নাকা পয়েন্টের সামনেই পিস্তল-কার্তুজ ও ইয়াবা! গ্রেফতার ২

by Debasish
0 comments 7 views

বাঁশের মাচার নিচে কালো পলিথিনে অস্ত্র, উদ্ধার ১২০ গ্রাম ইয়াবা; প্রকৃত মালিক কে, উঠছে প্রশ্ন

বক্সনগর , ১২ সেপ্টেম্বর: কলমচৌড়া থানাধীন গলাচিপা ও আনন্দপুরের মধ্যবর্তী এলাকায় নাকা পয়েন্টের সামনে রাস্তার পাশ থেকে অবৈধ পিস্তল, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ এবং প্রায় ১২০ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের সঙ্গে গ্রেফতার যুবকদের সরাসরি যোগসূত্র রয়েছে কি না এবং এসব সামগ্রীর প্রকৃত মালিক কে—তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

জানা গেছে, কলমচৌড়া থানার নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় একটি বাঁশের মাচার নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় তার দিয়ে বাঁধা একটি পিস্তল রাখা রয়েছে—বিএসএফের কাছে এমন গোপন খবর আসে। খবরের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালান। তল্লাশিতে উদ্ধার হয় একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ।

এরপর বাঁশের মাচার ছিদ্রের ভিতরে তল্লাশি চালিয়ে চারটি প্যাকেটে রাখা প্রায় ১২০ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানা গেছে।

অভিযানের সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া বক্সনগর এলাকার জয়নাল আবদিন এবং দক্ষিণ কলমচৌড়া এলাকার কর্নজিত সরকার নামে দুই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে বিএসএফ। পরে কলমচৌড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কলমচৌড়া ও সোনামুড়া থানার পুলিশ আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিক, টিএসআর, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিক, ফরেন্সিক দলের সদস্যসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে উদ্ধার হওয়া অস্ত্র, কার্তুজ ও মাদক জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকের উৎস এবং এর সঙ্গে কোনো বড় চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। নাকা পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা-নজরদারির এলাকায় কীভাবে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক লুকিয়ে রাখা হলো? কতদিন ধরে সেগুলি সেখানে ছিল? কারা এগুলি সেখানে রেখে গিয়েছিল? গ্রেফতার দুই যুবকের সঙ্গে উদ্ধার সামগ্রীর আদৌ কোনো সরাসরি যোগ রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্তের ওপরই নির্ভর করছে।

অন্যদিকে, গ্রেফতার দুই যুবকের পরিবারের দাবি, তাদের কাছ থেকে কোনো অস্ত্র বা মাদক উদ্ধার হয়নি। শুধুমাত্র ঘটনাস্থলের কাছাকাছি দিয়ে যাওয়ার কারণেই তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়েছেন তারা।

You may also like

Leave a Comment