২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটিতে পুনরায় সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অভিষেক দে
আগরতলা, ১২ সেপ্টেম্বর: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা। সভাপতি সুপ্রভাত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের প্রায় ৯০ শতাংশ সদস্য উপস্থিত ছিলেন।
সভায় প্রথমে বিগত বছরের সম্পাদকীয় কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন পেশ করেন ক্লাবের সম্পাদক অভিষেক দে। এরপর কোষাধ্যক্ষ মেঘধন দেব বার্ষিক আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব সদস্যদের সামনে তুলে ধরেন। উপস্থাপিত প্রতিবেদন ও আর্থিক হিসাব নিয়ে সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয়। আলোচনায় দিব্যেন্দু দে, কৌশিক সমাজপতি, শান্তনু বণিক-সহ একাধিক সদস্য গঠনমূলক মতামত তুলে ধরেন। বিস্তারিত পর্যালোচনার পর সম্পাদকীয় প্রতিবেদন ও আর্থিক হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সাধারণ সভার ওপেন সেশনে ক্লাবের শুভানুধ্যায়ী ও স্পনসর দেবাশীষ ভট্টাচার্যকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সাংবাদিকদের পাশে থেকে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্লাবের সদস্যরা।
এরপর সভার দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সুপ্রভাত দেবনাথ। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শান্তনু বণিক ও কিরিটি দত্ত। সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিষেক দে। সহ-সম্পাদক হিসেবে রয়েছেন অনির্বাণ দেব ও অভিষেক দেববর্মা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মেঘধন দেব।
নবগঠিত কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ দেবনাথ, প্রসেনজিৎ সাহা, মৃদুল চক্রবর্তী, সুব্রত দেবনাথ, প্রণব শীল, জাকির হোসেন, বাপন দাস ও মিল্টন ধর।
সভায় আগামী দিনে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়।
সভাপতি সুপ্রভাত দেবনাথ উপস্থিত সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের ধন্যবাদ জানিয়ে ষষ্ঠ বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।