Home আগরতলাদুর্ঘটনাগ্রস্তদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ায় ৮ ‘রাহাভীর’-কে সম্মান

দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ায় ৮ ‘রাহাভীর’-কে সম্মান

by Debasish
0 comments 4 views

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: পথ দুর্ঘটনার পর আহতদের পাশে দাঁড়িয়ে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আটজনকে ‘রাহাভীর’ (Good Samaritan) পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার সচিবালয়ের কনফারেন্স হল নম্বর ১-এ পরিবহণ দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী পুরস্কারপ্রাপকদের হাতে সম্মানপত্র ও ২৫ হাজার টাকা করে নগদ পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছেন গোমতী জেলার কাজল দেবনাথ ও প্রসেনজিৎ ভৌমিক (যৌথভাবে), অশেষ দাস, খুরশিদ মিয়া এবং অজিত দাস। ধলাই জেলা থেকে সত্যজিৎ কুমার শীল ও সত্যরঞ্জন দেবনাথ এবং ঊনকোটি জেলা থেকে লতিকা সিনহা এই সম্মান পেয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহণমন্ত্রী বলেন, পথ দুর্ঘটনা চোখের সামনে ঘটলেও অনেকেই সাহায্যের পরিবর্তে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। সেই পরিস্থিতিতে এগিয়ে এসে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্যই এই উদ্যোগের মাধ্যমে তাঁদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

সুশান্ত চৌধুরী বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া অনেক সময় জীবন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পুরস্কারপ্রাপকেরা নিজেদের দ্বিধা কাটিয়ে সাহস ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রাহাভীর’ উদ্যোগের মূল বার্তা হল—দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দেখে পাশ কাটিয়ে না গিয়ে এগিয়ে আসা, দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া এবং একটি মূল্যবান জীবন বাঁচাতে সহযোগিতা করা।

সড়ক দুর্ঘটনার সময় সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তাঁর মতে, জরুরি পরিস্থিতিতে মানবিক সহযোগিতার এই মানসিকতা সমাজে সহমর্মিতার সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে পারে।

পুরস্কারপ্রাপকদের অভিনন্দন জানিয়ে পরিবহণমন্ত্রী বলেন, তাঁদের উদ্যোগ অন্যদের কাছেও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠতে পারে। দুর্ঘটনাগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন হলে সাধারণ মানুষ যেন শুধু দর্শক হয়ে না থেকে এগিয়ে আসেন, সেই আহ্বানও জানান তিনি।

You may also like

Leave a Comment