Home আগরতলাসর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বিপ্লব দেবের দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে সংবর্ধনা, দলের সাংগঠনিক সাফল্যের প্রশংসায় মানিক সাহা

সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বিপ্লব দেবের দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে সংবর্ধনা, দলের সাংগঠনিক সাফল্যের প্রশংসায় মানিক সাহা

by Debasish
0 comments 8 views

আগরতলা, ৩০ আগস্ট: ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেবের দায়িত্বপ্রাপ্তিকে রাজ্যের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তাঁর মতে, দলের প্রতি নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার মানসিকতার স্বীকৃতি হিসেবেই বিপ্লব দেব জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

বিপ্লব কুমার দেবকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিপ্লব কুমার দেব সর্বভারতীয় স্তরে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সমগ্র ত্রিপুরাবাসী আজ গর্বিত।” ২০১৫-১৬ সালের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, তৎকালীন সময়ে রাজ্যে বিজেপির সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে বিপ্লব দেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কর্মীদের সংগঠিত করা এবং তাঁদের কাছ থেকে সাংগঠনিক কাজ আদায় করে নেওয়ার ক্ষেত্রে তাঁর দক্ষতারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

মানিক সাহা বলেন, কর্মীদের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের কাজের স্বীকৃতি দেওয়াই একটি রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করে। বিপ্লব দেবের জাতীয় স্তরে নতুন দায়িত্বপ্রাপ্তি তারই একটি উদাহরণ বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের রাজনৈতিক পরিবেশে পরিবর্তনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালের পর দেশ ও রাজ্যে মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। সেই সময় ত্রিপুরাতেও সাধারণ মানুষ এবং বিভিন্ন পেশার মানুষকে বিজেপির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে বিপ্লব দেবের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

“স্বচ্ছতা ও আদর্শের পথেই এগোবে বিজেপি”

বিজেপির রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করাই দলের অন্যতম মূল ভিত্তি। তাঁর দাবি, সরকার ও সংগঠনের প্রতিটি স্তরে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। চাকরি প্রদান থেকে প্রশাসনিক ব্যবস্থাপনা—বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “আমরা রাজনীতি হৃদয়ের বিশ্বাস থেকে করি। মানুষের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। অন্যায় বা অনিয়মের পথে বিজেপি কখনও হাঁটবে না।”

রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসে। ত্রিপুরার অর্থনৈতিক অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সংস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের জাতীয় স্বীকৃতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, গত কয়েক বছরে ত্রিপুরায় একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

ক্রীড়াক্ষেত্রেও রাজ্যের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ত্রিপুরার যুবক-যুবতীরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করে রাজ্যের নাম উজ্জ্বল করছেন। এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি দলের কার্যকর্তাদের কঠোর পরিশ্রমের কথাও স্মরণ করেন তিনি।

অনুষ্ঠানে বিপ্লব কুমার দেবের নতুন দায়িত্বকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। বক্তারা আশা প্রকাশ করেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বিপ্লব দেবের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জাতীয় স্তরে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

You may also like

Leave a Comment