Home আগরতলাবিরোধীদের ক্ষমতা দখলের স্বপ্ন পূরণ হবে না, রাণীরবাজারে মনোনয়ন জমা ঘিরে দাবি মন্ত্রী সুশান্ত চৌধুরীর

বিরোধীদের ক্ষমতা দখলের স্বপ্ন পূরণ হবে না, রাণীরবাজারে মনোনয়ন জমা ঘিরে দাবি মন্ত্রী সুশান্ত চৌধুরীর

by Debasish
0 comments 0 views

১৩টি ওয়ার্ডেই বিজেপির প্রার্থীদের মনোনয়ন দাখিল, বর্ণাঢ্য মিছিল ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বাচনী শক্তি প্রদর্শন শাসক দলের।

আগরতলা, ৬ নভেম্বর: পুর নির্বাচনকে কেন্দ্র করে রাণীরবাজারে শক্তি প্রদর্শন করল শাসক দল বিজেপি। শুক্রবার রাণীরবাজার পুর পরিষদের ১৩টি ওয়ার্ডের দলীয় প্রার্থীরা বর্ণাঢ্য মিছিল সহকারে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে গোটা কর্মসূচি কার্যত উৎসবের চেহারা নেয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও পর্যটনমন্ত্রী তথা মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, রাণীরবাজার পুর পরিষদ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

মনোনয়ন জমাকে কেন্দ্র করে আয়োজিত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, কর্মী-সমর্থকদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিজেপির প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন। বিরোধী দলগুলি রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে বিজেপি সরকারকে দুর্বল করে ক্ষমতা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে জনগণ বিরোধীদের এই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন।

আসন্ন পুর নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রত্যয় ব্যক্ত করে সুশান্ত চৌধুরী দাবি করেন, আগরতলা পুর নিগম-সহ রাজ্যের ২১টি নগর সংস্থাতেই এনডিএ জোট জয়লাভ করবে। কংগ্রেস ও সিপিআইএমের বিরুদ্ধে রাজনৈতিক দিশাহীনতার অভিযোগ তুলে তিনি বলেন, এই দুই দলের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে পরাজিত করা। কিন্তু গত ১২ বছরে দেশের অর্থনীতি, বিদেশনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপের জন্য মানুষ বারবার মোদির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন।

ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের উপর ভরসা রেখেই রাজ্যের মানুষ দু’বার বিজেপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এখন কংগ্রেস ও সিপিআইএম পিছনের দরজা দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে ত্রিপুরার মানুষ এই ধরনের রাজনৈতিক প্রচেষ্টাকে মেনে নেবেন না বলেও মন্তব্য করেন সুশান্ত চৌধুরী।

আগামী বিধানসভা নির্বাচনের আগে বর্তমান পুর নির্বাচনকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেন তিনি। তাঁর কথায়, পুর নির্বাচনকে বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবে দেখছে বিজেপি। এই নির্বাচনে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আগামী বিধানসভা নির্বাচনেও জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দল।

রাণীরবাজারের ১৩টি ওয়ার্ডে মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপির এই কর্মসূচি রাজ্যের অন্যান্য পুর এলাকাতেও দলের নির্বাচনী প্রচার ও সাংগঠনিক তৎপরতার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কোন রাজনৈতিক দলের উপর আস্থা রাখেন, তার উত্তর মিলবে ২৭ নভেম্বরের ভোটের ফলাফলে।

You may also like

Leave a Comment