আগরতলা, ১৮ সেপ্টেম্বর : মায়ের অনুমতি ছাড়াই চার বছরের শিশুকন্যাকে নিয়ে তার পিতা নিখোঁজ হয়েছেন—এমন অভিযোগ তুলে প্রশাসন ও পুলিশের দ্বারস্থ হয়েছেন শিশুটির জন্মদাত্রী মা। অভিযোগকারী মায়ের দাবি, স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ ও পারিবারিক বিবাদের কারণে তিনি তাঁর চার বছরের কন্যা মিতাক্ষি সাহা কে নিয়ে নিজের বাবার বাড়িতে থাকছিলেন। গত ১ সেপ্টেম্বর, বিশালগড়ের রঘুনাথপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখান থেকে তাঁর অনুমতি ছাড়াই শিশুটির পিতা মৃন্ময় সাহা মিতাক্ষিকে নিয়ে চলে যান এবং এরপর থেকে তাঁদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ঘটনার পর বিষয়টি নিয়ে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির মা। তাঁর দাবি, ঘটনার প্রায় ১৮ দিন অতিক্রান্ত হলেও এখনও তাঁর মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি চাইল্ডলাইনের নজরেও আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শিশুকন্যার অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযোগকারী মা দ্রুত মিতাক্ষিকে খুঁজে বের করার জন্য প্রশাসন ও পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। তদন্তের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবশেষে তিনি সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মৃন্ময় সাহার বক্তব্য এখনো পাওয়া যায়নি। পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও শিশুটির বর্তমান অবস্থান স্পষ্ট হবে বলে আশা করছেন পরিবারের সদস্যরা। এখন দেখার, বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসার পর প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে চার বছরের শিশু মিতাক্ষিকে খুঁজে বের করতে কী পদক্ষেপ নেওয়া হয়।
12