শিশুর চিৎকারে ঘটনা প্রকাশ্যে, উত্তেজিত জনতার ভিড়; ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর
আগরতলা, ৩ সেপ্টেম্বর: কথলিয়া এলাকায় নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে যৌন নিগ্রহের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যাত্রাপুর থানার পুলিশ। ধৃতের নাম গৌতম ঘোষ (৪৪)।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর কথলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কাছে ঘটনাটি ঘটে। অভিযোগ, গৌতম ঘোষ তাঁর ছোট ভাইয়ের স্ত্রী মম্পি ঘোষের বাড়িতে প্রবেশ করে তাঁকে যৌন নিগ্রহের চেষ্টা করেন।
ঘটনার সময় বাড়িতে থাকা একটি শিশু চিৎকার করে ওঠে বলে জানা যায়। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। সেই সময় অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন।
অভিযোগ রয়েছে, উত্তেজিত জনতার কয়েকজন অভিযুক্তকে মারধরও করেন। খবর পেয়ে যাত্রাপুর থানার সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী ও টিএসআর বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত গৌতম ঘোষকে থানায় নিয়ে যায় পুলিশ।
বৃহস্পতিবার সকালে মম্পি ঘোষ যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অভিযোগ পাওয়ার তথ্য রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ অভিযুক্তকে সোনামুড়া আদালতে পেশ করা হয়।