Home আগরতলাডিজিপি অনুরাগের মৃত্যু ও তদন্ত নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

ডিজিপি অনুরাগের মৃত্যু ও তদন্ত নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

by Debasish
0 comments 26 views

ময়নাতদন্তের তথ্য নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি বিরোধী দলনেতার; সরকারের সাফাই মুখ্যমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: প্রয়াত ডিজিপি অনুরাগ ধানকরের মৃত্যু এবং ঘটনাটির তদন্ত ও ময়নাতদন্তের তথ্য নিয়ে শুক্রবার ত্রিপুরা বিধানসভায় সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ঘটনার তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনার পারিপার্শ্বিক তথ্যের মধ্যে অসঙ্গতির অভিযোগ করেন।

অধিবেশনে বিষয়টি তুলে ধরে জিতেন্দ্র চৌধুরী বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এবং ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে বলে বিরোধী দলের পক্ষ থেকে মনে করা হচ্ছে। তাঁর বক্তব্য, পূর্বে দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধারের কথা বলা হলেও ফরেনসিক সংক্রান্ত বক্তব্যে দেহ মাটিতে পড়ে থাকার কথা উল্লেখ করা হয়েছে। এই দুই তথ্যের মধ্যে কোনটি সঠিক, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া সংশয় দূর করতে ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা প্রয়োজন। প্রয়োজনে পুনরায় ময়নাতদন্ত (Re-postmortem)-এর বিষয়টি বিবেচনা করার পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্ত সংস্থা বা তদন্ত কমিশনের মাধ্যমে তদন্তের দাবিও জানান তিনি।

বিরোধী দলনেতার বক্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, বিধানসভার রুল ১৬১ এবং ভারতীয় সংবিধানের বিধান মেনেই সরকারের পক্ষ থেকে বিধানসভায় প্রাসঙ্গিক তথ্য জানানো হয়েছে। তদন্তও নির্ধারিত আইন ও নিয়ম মেনেই এগিয়ে চলছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, অস্বাভাবিক মৃত্যু বা ‘হ্যাংগিং’-এর মতো ঘটনায় সাধারণত তদন্ত কমিশন গঠনের প্রথা নেই। পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এবং প্রচলিত আইন অনুযায়ী তদন্ত চালিয়ে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করছে।

তদন্তে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে এবং সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতেই চূড়ান্ত সত্য সামনে আসবে বলে তিনি জানান।

ডিজিপি অনুরাগ ধানকরের মৃত্যু নিয়ে তদন্তের স্বচ্ছতা, ময়নাতদন্তের তথ্য এবং পুনরায় ময়নাতদন্তের দাবি ঘিরে এদিন বিধানসভায় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়। পরে অধ্যক্ষের হস্তক্ষেপে বিষয়টি থেকে সরে গিয়ে বিধানসভার কার্যসূচির পরবর্তী আলোচনায় এগিয়ে যায় সভা।

You may also like

Leave a Comment