সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ, বাংলাদেশে ফেরার পথে পুলিশের জালে
খোয়াই, ২০ আগস্ট: খোয়াইয়ে ফের ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে সাদা পোশাকের পুলিশ। বৃহস্পতিবার খোয়াই চর গণকি এলাকায় কালীবাড়ি সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান, আটক ছয়জনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রায় তিন মাস আগে সীমান্তের কাঁটাতার পেরিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
পুলিশের দাবি, ভারতে প্রবেশের পর তারা খোয়াইয়ের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ব্যবহার করছিল। বৃহস্পতিবার আবার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ তাদের গতিবিধির ওপর নজর রাখে। পরে চর গণকি এলাকায় কালীবাড়ি সংলগ্ন সড়ক থেকে ছয়জনকে আটক করা হয়।
আটকদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কীভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রুখতে পুলিশের নজরদারি ও তৎপরতার মধ্যেই একই ধরনের ঘটনায় ফের ছয় বাংলাদেশি নাগরিক আটকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।