Home আগরতলা৯ ডিসেম্বর শেষ হচ্ছে পুরনো পুরবোর্ডের মেয়াদ, নগর ও পুরো নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু কমিশনের

৯ ডিসেম্বর শেষ হচ্ছে পুরনো পুরবোর্ডের মেয়াদ, নগর ও পুরো নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু কমিশনের

by Debasish
0 comments 2 views

আগরতলা, ৮ অক্টোবর: রাজ্যের নগর স্থানীয় সংস্থাগুলির আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন। আগরতলা পুর নিগম-সহ রাজ্যের মোট ২১টি নগর স্থানীয় সংস্থায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। বর্তমান নগর স্থানীয় সংস্থাগুলির মেয়াদ আগামী ৯ ডিসেম্বর শেষ হচ্ছে। তার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যের আটটি জেলার জেলাশাসক (ডিএম) ও পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি), আইজি (আইন-শৃঙ্খলা)-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তী জানান, নগর স্থানীয় সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে এটাই ছিল প্রথম পর্যায়ের সরকারি স্তরের প্রস্তুতি বৈঠক। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইন মেনে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, নির্বাচনী যন্ত্রের কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগে কী কী প্রস্তুতি সম্পন্ন করতে হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

ইতিমধ্যেই নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে নির্বাচনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করার কাজও রয়েছে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার।

এদিকে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর চূড়ান্ত প্রকাশনা করা হবে বলেও জানান পি কে চক্রবর্তী।

বৈঠকে নগর স্থানীয় সংস্থার নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য সাংবিধানিক ও আইনি বিধান, রাজ্য নির্বাচন কমিশনের পূর্বে জারি করা নির্দেশিকা ও সার্কুলার নিয়েও আলোচনা হয়। প্রয়োজন অনুযায়ী নতুন নির্দেশিকা জারি করার বিষয়টিও পর্যালোচনা করা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের দায়িত্বে সময়ে সময়ে পরিবর্তন আসে। ফলে নির্বাচনী নিয়ম-কানুন ও প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের অবহিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই আগেভাগে এই ধরনের বৈঠক করা হচ্ছে।

নির্বাচনের আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। বর্তমান নগর স্থানীয় সংস্থাগুলির মেয়াদ ৯ ডিসেম্বর শেষ হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন।

You may also like

Leave a Comment