আগরতলা, ১০ সেপ্টেম্বর: মণিপুরের তামেংলং জেলায় দীর্ঘদিনের জলসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল আসাম রাইফেলস। জেলার নিউ কাইফুন্দাই, টি. মটবুং এবং ওইনামলং গ্রামে স্থানীয় বাসিন্দাদের হাতে জল সংরক্ষণের জন্য জলাধার (ওয়াটার ট্যাঙ্ক) তুলে দেওয়া হয়েছে।
আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অপারেশন সদ্ভাবনা’-র আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হল প্রত্যন্ত এলাকার মানুষের দৈনন্দিন সমস্যার কিছুটা সমাধান করা এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নত করা।
জলাধারগুলি ব্যবহারের ফলে গ্রামবাসীরা জল মজুত করে রাখতে পারবেন। পাশাপাশি জলাভাবের সময় দৈনন্দিন প্রয়োজন মেটাতেও তা সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দীর্ঘদিনের জলসংকটের মধ্যে আসাম রাইফেলসের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত।
উল্লেখ্য, নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময়ে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে নানা সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে আসছে আসাম রাইফেলস। ‘অপারেশন সদ্ভাবনা’র মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলসহ বিভিন্ন ক্ষেত্রে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।