Home ত্রিপুরারাজ্যে শীঘ্রই গঠিত হতে চলেছে অষ্টম বেতন কমিশন, বিধানসভায় ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যে শীঘ্রই গঠিত হতে চলেছে অষ্টম বেতন কমিশন, বিধানসভায় ঘোষণা অর্থমন্ত্রীর

by Debasish
0 comments 33 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট : রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভার অধিবেশনে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর ইতিহাস ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, রাজ্যে শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে

বিধানসভায় অর্থমন্ত্রী জানান, ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা সংশোধনের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৬৩ সালে প্রথম ‘ত্রিপুরা এমপ্লয়িজ রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস’ প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে রাজ্যের পূর্ণাঙ্গ মর্যাদা লাভের পর বিভিন্ন পর্যায়ে বেতন কাঠামোয় সংশোধন আনা হয়।

অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১৯৮৫ সালে গঠিত তৃতীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯৮৮ সালে নতুন বেতনক্রম কার্যকর হয়। এরপর ১৯৯৩ সালে চতুর্থ বেতন কমিশন গঠিত হয় এবং ১৯৯৬ সাল থেকে তার সুপারিশ কার্যকর করা হয়। পরবর্তীতে ২০০৮ সালের পে রিভিশন কমিটির সুপারিশের ভিত্তিতে ২০০৬ সাল থেকে বেতন সংশোধন করা হয়। ২০১৭ সালেও সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় সংশোধন আনা হয়।

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৫ থেকে বাড়িয়ে ২.৫৭ করা হয়। এই সংশোধন ২০১৮ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হয়।

বেতন কাঠামোর পাশাপাশি মহার্ঘ ভাতা (DA) নিয়েও বিধানসভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী। তিনি জানান, বেতন ও পেনশনের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে DA প্রদানের ক্ষেত্রেও সরকারের উপর উল্লেখযোগ্য আর্থিক দায় তৈরি হয়েছে।

অষ্টম বেতন কমিশন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্তরে অষ্টম বেতন কমিশন গঠনের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারও রাজ্যের কর্মচারীদের জন্য কমিশন গঠনের প্রস্তুতি শুরু করেছে। কমিশনের সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্যদের নাম চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এছাড়া সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বেতন অসঙ্গতি বা Pay Anomaly-র বিষয়গুলিও কমিশনের পর্যালোচনার আওতায় আনা হবে। সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখে কমিশন প্রয়োজনীয় সুপারিশ করবে বলে বিধানসভায় জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন অষ্টম বেতন কমিশন কবে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় এবং কমিশনের সুপারিশে বেতন কাঠামোয় কী পরিবর্তন আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারী মহল।

You may also like

Leave a Comment