এক ধাক্কায় ৫৮টি আসন বৃদ্ধি, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১৬টি বিশেষায়িত বিভাগে মিলবে উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগ
আগরতলা, ৬ নভেম্বর: রাজ্যের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বড় পদক্ষেপ গ্রহণ করল ত্রিপুরা সরকার। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে (এজিএমসি) স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে মোট আসন ছিল ৯৫টি, সেখানে নতুন অনুমোদনের ফলে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩-তে। অর্থাৎ একসঙ্গে ৫৮টি আসন বৃদ্ধি পেল।
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই বর্ধিত আসনের সুবিধা পাওয়া যাবে। জানা গেছে, কলেজের মোট ১৬টি বিশেষায়িত চিকিৎসা বিভাগে অতিরিক্ত আসন অনুমোদন করা হয়েছে। এর ফলে রাজ্যের মেডিক্যাল পড়ুয়াদের স্নাতকোত্তর স্তরে চিকিৎসা শিক্ষা গ্রহণের সুযোগ আরও প্রসারিত হবে।
৬ নভেম্বর এই সাফল্যের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা জানান, চিকিৎসা শিক্ষার প্রসার এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। তাঁর মতে, স্নাতকোত্তর আসন বৃদ্ধির ফলে আগামী দিনে রাজ্যে আরও বেশি সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হওয়ার পথ প্রশস্ত হবে।
শুধু উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি নয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকের চাহিদা পূরণ, চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং উন্নত চিকিৎসার জন্য বহির্রাজ্যের উপর নির্ভরতা কমানোর ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সহযোগিতার কথা উল্লেখ করেন। তাঁদের সহায়তায় ত্রিপুরায় চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন আরও গতি পেয়েছে বলেও তিনি জানান।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, বর্তমান সময়ে চিকিৎসা শিক্ষার ভিত যত শক্তিশালী হবে, আগামী দিনে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাও তত বেশি উন্নত ও জনমুখী হয়ে উঠবে। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এই আসন বৃদ্ধি নিঃসন্দেহে রাজ্যের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি।