Home আগরতলাভিডিও ছড়ানোর প্রতিবাদে ৫ অক্টোবর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি এজিএমসি-র রেসিডেন্ট চিকিৎসকদের

ভিডিও ছড়ানোর প্রতিবাদে ৫ অক্টোবর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি এজিএমসি-র রেসিডেন্ট চিকিৎসকদের

by Debasish
0 comments 1 views

চার দফা দাবিতে সরব চিকিৎসকরা, দাবি পূরণ না হলে সকাল ৯টা থেকে পেন-ডাউন স্ট্রাইকের ঘোষণা

আগরতলা, ৩ অক্টোবর। আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি পন্থ হাসপাতালের এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনার ভিডিও ও অন্যান্য বিষয়বস্তু অনুমতি ছাড়া রেকর্ডিং এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এবার কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন রেসিডেন্ট চিকিৎসকরা। আগামী ৫ অক্টোবর সকাল ৯টা থেকে পেন-ডাউন স্ট্রাইকের সিদ্ধান্তের কথা জানিয়েছে এজিএমসি ও জিবি পন্থ হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আরডিএ)।

শনিবার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর ও অনুমতিহীন ভিডিও এবং বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। এর ফলে চিকিৎসকদের ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা এবং পেশাগত সম্মান ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

সংগঠনের চার দফা দাবির মধ্যে রয়েছে, হাসপাতাল চত্বরে অনুমতি ছাড়া ভিডিও রেকর্ডিং এবং তা প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, যাচাই না করা ও মানহানিকর তথ্য প্রকাশ বা পুনঃপ্রকাশকারী সামাজিক মাধ্যমের পেজ এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও, ছবি, রিলস এবং অনলাইন পোস্ট দ্রুত সরিয়ে ফেলা এবং ভবিষ্যতে এই ধরনের বিষয়বস্তুর প্রচার রুখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

পাশাপাশি, যেসব সংবাদমাধ্যম বা সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মে যাচাই না করা বা মানহানিকর তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলির ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী, প্রকাশ্য ব্যাখ্যা কিংবা আইনানুগ ক্ষেত্রে ক্ষমা প্রার্থনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

আরডিএ-র বক্তব্য, এ ধরনের ঘটনা চিকিৎসক ও রোগীদের পারস্পরিক বিশ্বাসের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে চিকিৎসক সমাজের প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কোনও তথ্য যাচাই না করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া কিংবা ঘটনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠন।

উল্লেখ্য, এর আগেও হাসপাতাল চত্বরে অনুমতিহীন ভিডিও রেকর্ডিংয়ের প্রতিবাদে এজিএমসি-র অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেন রেসিডেন্ট চিকিৎসকরা। সেই সময় হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং সংশ্লিষ্ট ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবিতে অধ্যক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, চিকিৎসকদের মর্যাদা ও পেশাগত সম্মান রক্ষায় রেসিডেন্ট চিকিৎসক এবং স্নাতকোত্তর পড়ুয়ারা ঐক্যবদ্ধ রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে চার দফা দাবি পূরণ না হলে আগামী ৫ অক্টোবর সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আরডিএ।

You may also like

Leave a Comment