Home আগরতলারাজ্য সরকারের ২৭টি দফতরে গাড়িচালকের শূন্যপদ পর্যালোচনা, সচিবালয়ে বৈঠকে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী

রাজ্য সরকারের ২৭টি দফতরে গাড়িচালকের শূন্যপদ পর্যালোচনা, সচিবালয়ে বৈঠকে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী

by Debasish
0 comments 0 views

আগরতলা, ১৩ অক্টোবর: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে গাড়িচালক পদে কতগুলি শূন্যপদ রয়েছে, তা খতিয়ে দেখতে উদ্যোগী হল রাজ্য সরকার। সোমবার, ১৩ অক্টোবর, রাজ্য সচিবালয়ে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের মোট ২৭টি দফতরের গাড়িচালক পদে শূন্যপদের পরিস্থিতি, সংরক্ষণ তালিকা এবং সংশ্লিষ্ট পরিষেবা বিধি মেনে প্রশাসনিক কাজকর্ম পরিচালনার বিষয়গুলি বৈঠকে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

ত্রিপুরা গভর্নমেন্ট ভেহিকলস ড্রাইভার্স সার্ভিসেস রুলস, ১৯৭৯-এর বিধান অনুযায়ী এই বৈঠকের আয়োজন করা হয়। এতে রাজ্য সরকারের ২৭টি দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতিটি দফতরে গাড়িচালক পদে কতগুলি শূন্যপদ রয়েছে, তার পৃথক হিসাব পর্যালোচনা করেন পরিবহণমন্ত্রী। পাশাপাশি সংশোধিত সংরক্ষণ তালিকা বা রোস্টার খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে চালক পদ সংক্রান্ত পরিষেবা কাঠামোর বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

শূন্যপদের সঠিক তথ্য নির্ধারণ এবং সংশ্লিষ্ট নথিপত্র নির্ধারিত নিয়ম অনুযায়ী সংরক্ষণের জন্য আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সরকারি দফতরগুলির মধ্যে সমন্বয় বজায় রেখে শূন্যপদের হিসাব নির্ভুলভাবে প্রস্তুত করার উপরও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।

প্রশাসনিক পরিকল্পনাকে আরও সুসংহত করা এবং কর্মী সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যেই এই পর্যালোচনা বৈঠক বলে মনে করা হচ্ছে। সরকারি দফতরগুলিতে কর্মী ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কাজকর্মের গতি বজায় রাখতেও এই উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী জানান, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিয়ম মেনে স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ প্রশাসনিক প্রক্রিয়া বজায় রাখার বিষয়ে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তবে বৈঠকে গাড়িচালক পদে মোট কতগুলি শূন্যপদ রয়েছে, কিংবা নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য জানানো হয়নি। ফলে সম্ভাব্য নিয়োগ নিয়ে আপাতত অপেক্ষা করতে হচ্ছে চাকরিপ্রার্থীদের।

You may also like

Leave a Comment