Home আগরতলা২১টি পুর নগর সংস্থাতেই ক্ষমতা দখলের লক্ষ্যমাত্রা বিজেপির, আরও বড় জয়ের ব্যবধান চান মুখ্যমন্ত্রী

২১টি পুর নগর সংস্থাতেই ক্ষমতা দখলের লক্ষ্যমাত্রা বিজেপির, আরও বড় জয়ের ব্যবধান চান মুখ্যমন্ত্রী

by Debasish
0 comments 0 views

গত নির্বাচনে ২১টির মধ্যে ২০টি পুর সংস্থা নিজেদের দখলে রেখেছিল বিজেপি। এবার বিরোধীদের কোনও সুযোগ না দিয়ে সবকটি সংস্থায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মানিক সাহা।

আগরতলা, ৬ নভেম্বর: আসন্ন পুর নির্বাচনে ত্রিপুরার ২১টি নগর সংস্থাতেই জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে কোমর বেঁধে ময়দানে নামছে শাসক দল বিজেপি। শুধু জয়লাভ করাই নয়, গতবারের তুলনায় আরও বেশি ব্যবধানে জয় নিশ্চিত করতে দলীয় নেতৃত্ব ও কর্মীদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

শুক্রবার নির্বাচনী প্রস্তুতি ও দলের জয়ের সম্ভাবনা নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, গত পুর নির্বাচনে ২১টি নগর সংস্থার মধ্যে ২০টিতেই জয় পেয়েছিল বিজেপি। এবার সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে গিয়ে বাকি একটি সংস্থাতেও জয়লাভ করতে চায় দল। তাঁর দৃঢ় প্রত্যাশা, আসন্ন নির্বাচনের পর রাজ্যের ২১টি নগর সংস্থাতেই বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে।

তবে মুখ্যমন্ত্রীর লক্ষ্য কেবল পুরবোর্ড দখলের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিটি ওয়ার্ডে জনসমর্থন আরও বাড়িয়ে বিপুল ভোটের ব্যবধানে জয় অর্জনের উপরেও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। সেই লক্ষ্যে সংগঠনের প্রতিটি স্তরের নেতা-কর্মীকে আরও সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের প্রসঙ্গও। তাঁর মতে, গত কয়েক বছরে শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামীণ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তবে এবারের নির্বাচন যেহেতু মূলত নগর এলাকাকে কেন্দ্র করে, তাই প্রচারের সময় শহরাঞ্চলে সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নাগরিক পরিষেবার অগ্রগতিকে বিশেষভাবে তুলে ধরবে বিজেপি।

You may also like

Leave a Comment