Home আগরতলা১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান প্রদ্যোত কিশোরের

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান প্রদ্যোত কিশোরের

by Debasish
0 comments 19 views

“এটা আপনাদের নির্বাচন”—তিপ্রাসা সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার বার্তা

আগরতলা, ৩১ আগস্ট: প্রায় এক দশক পর ত্রিপুরায় ভিলেজ কমিটি (VC) নির্বাচন অনুষ্ঠিত হতে চলায় তিপ্রাসা সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সৎ, শিক্ষিত ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানালেন তিপরা মথার প্রতিষ্ঠাতা তথা রাজ পরিবারের সদস্য প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা।

সোমবার ফেসবুক লাইভে বক্তব্য রাখতে গিয়ে ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানান প্রদ্যোত। তাঁর দাবি, প্রায় ১০ বছর পর ফের এই নির্বাচনের মাধ্যমে তিপ্রাসা জনগণ নিজেদের সাংবিধানিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

প্রদ্যোত বলেন, “এটা ছিল দীর্ঘ লড়াই, আমার তিপ্রাসা মানুষ। এই লড়াই সহজ ছিল না। আমি সুপ্রিম কোর্টে গিয়েছি এবং মামলা লড়েছি।” তাঁর বক্তব্য অনুযায়ী, দীর্ঘ আইনি লড়াইয়ের পরই নির্বাচনের পথ খুলেছে।

আসন্ন নির্বাচনে শিক্ষিত ও দক্ষ ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রদ্যোত বলেন, শিক্ষক, অধ্যাপক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, প্রাক্তন সেনাকর্মীসহ সমাজের যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী হওয়া উচিত। একইসঙ্গে শুধুমাত্র দুর্নীতি, পারিবারিক সম্পর্ক বা ব্যক্তিগত বন্ধুত্বের ভিত্তিতে প্রার্থী বাছাই না করার জন্য দলীয় নেতৃত্বের প্রতি সতর্কবার্তা দেন তিনি।

প্রদ্যোতের কথায়, “এটা আপনাদের নির্বাচন। এখানে আপনাদের কণ্ঠই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচন সরাসরি গ্রামের স্তরে পৌঁছে যায়।” গ্রামের উন্নয়নে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

নির্বাচিত ভিলেজ কমিটি গঠনের পর গ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেই থাকা উচিত বলেও মন্তব্য করেন প্রদ্যোত। তাঁর বক্তব্য, এই ধরনের সিদ্ধান্ত বিধায়ক, এমডিসি কিংবা কোনও রাজনৈতিক দলের নেতার হাতে না থেকে নির্বাচিত ভিলেজ কমিটির প্রতিনিধিদের হাতেই থাকা উচিত।

সম্ভাব্য রাজনৈতিক জোটের প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন প্রদ্যোত কিশোর। তিনি বলেন, “তিপ্রাসা অ্যাকর্ডে আমাদের যে সাংবিধানিক অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা না পাওয়া পর্যন্ত আমি কোনও জোট গঠন করব না।”

তিপ্রাসা সমাজের ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, “থানসা” শুধু রাজনৈতিক ঐক্য নয়, আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে—দল, অর্থ কিংবা রাজনৈতিক পদ নয়, সমাজের অধিকার ও স্বার্থকেই অগ্রাধিকার দিতে হবে।

প্রদ্যোতের দাবি, সমাজ ঐক্যবদ্ধ থাকলে ভূমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থ বরাদ্দ এবং ভাষার অধিকারসহ বিভিন্ন দাবি আদায় করা সম্ভব হবে।

তরুণ ও শিক্ষিত তিপ্রাসা সমাজের সদস্যদের নির্বাচনী রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দাঁড়ান, দাঁড়ান—কেউ আপনাদের হারাতে পারবে না।” তাৎক্ষণিক রাজনৈতিক লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদি সামাজিক স্বার্থে কাজ করার জন্যও তরুণ প্রজন্মকে আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment