Home আগরতলা১৫০০ টাকার সহায়তায় বদলের স্বপ্ন, দুই মুরগি দিয়ে নতুন জীবিকার শুরু নমিতার

১৫০০ টাকার সহায়তায় বদলের স্বপ্ন, দুই মুরগি দিয়ে নতুন জীবিকার শুরু নমিতার

by Debasish
0 comments 0 views

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: মাত্র ১,৫০০ টাকার আর্থিক সহায়তা। কিন্তু সেই অর্থই ত্রিপুরার জয়শ্রী পাড়ার নমিতা দাসের কাছে হয়ে উঠেছে নতুনভাবে জীবন সাজানোর প্রেরণা। সন্তানদের পড়াশোনা, পরিবারের সামাজিক সুরক্ষা এবং নিজের ছোট জীবিকা গড়ে তোলার লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে চলেছেন তিনি।

নমিতা দাসের ছয় সদস্যের পরিবার। স্বামী দিনমজুর। বাড়িতে রয়েছেন বৃদ্ধ শাশুড়ি মইনা বালা দাস এবং দুই মেয়ে ও এক ছেলে—তিন স্কুলপড়ুয়া সন্তান। অনিয়মিত দিনমজুরির আয়ের ওপর নির্ভরশীল পরিবারের দৈনন্দিন চাহিদা মেটাতে প্রতিনিয়ত হিসাব করে চলতে হয়।

ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)-এর মাধ্যমে বাস্তবায়িত TR-SAY প্রকল্পের আওতায় প্রথমে হস্তক্ষেপের জন্য চিহ্নিত করা হয়েছিল মইনা বালা দাসকে। কিন্তু বয়স ও শারীরিক সমস্যার কারণে নিয়মিত বৈঠকে অংশ নেওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে। এরপর শাশুড়ির হয়ে Small Group Meeting (SGM)-এ অংশ নিতে শুরু করেন নমিতা।

প্রথমদিকে নীরবে বৈঠকে উপস্থিত থাকলেও ধীরে ধীরে বদল আসে তাঁর মধ্যে। সঞ্চয়, স্বনির্ভর গোষ্ঠী, সামাজিক সুরক্ষা প্রকল্প এবং সন্তানদের শিক্ষার জন্য ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে জানতে শুরু করেন তিনি। Parivartan Sakhi-র সহায়তায় নিজের নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্টও পুনরায় সক্রিয় করেন নমিতা।

এরপর তিনি পান ১,৫০০ টাকা CSG সহায়তা। পরিবারের প্রয়োজন অনুযায়ী সেই অর্থ পরিকল্পনা করে খরচ করেন তিনি। এর মধ্যে ৫০০ টাকা ব্যয় করেন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY)-তে বিমা অন্তর্ভুক্তির জন্য। সন্তানদের বই-খাতা কেনার জন্য খরচ করেন ৬০০ টাকা। বাকি ৪০০ টাকা দিয়ে কেনেন দুটি মুরগি—ছোট পরিসরে জীবিকা গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে।

নমিতার কাছে এই অর্থ শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং পরিবারের ভবিষ্যৎ নিয়ে নিজে সিদ্ধান্ত নেওয়ার একটি সুযোগ।

খুশি হয়ে তিনি বলেন, “এখন আমার পুলাপানও ভালো খাতা-কলম নিয়ে স্কুলে যাইবো।”

বর্তমানে নমিতা আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নিচ্ছেন। বিমা প্রকল্পে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং ছোট পরিসরে জীবিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

মাত্র ১,৫০০ টাকা থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন নমিতার কাছে আরও বড় স্বপ্নের পথ। সচেতনতা, পরিকল্পনা এবং স্থানীয় স্তরের সহায়তার সঙ্গে ছোট আর্থিক উদ্যোগ কীভাবে গ্রামীণ মহিলাদের নিজেদের পরিবার ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে পারে, নমিতার গল্প তারই একটি উদাহরণ।

You may also like

Leave a Comment