Home আগরতলাক্লাস্টার কো-অর্ডিনেটরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, বদলির দাবিতে করবুক ব্লকে তালা মহিলাদের

ক্লাস্টার কো-অর্ডিনেটরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, বদলির দাবিতে করবুক ব্লকে তালা মহিলাদের

by Debasish
0 comments 2 views

স্বসহায়ক দলের সদস্যদের বিক্ষোভে সকাল থেকে অচল ব্লকের কাজকর্ম, প্রশাসনিক আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর প্রত্যাহার আন্দোলন

আগরতলা, ৩ নভেম্বর: সরকারি আধিকারিকের আচরণে ক্ষুব্ধ হয়ে এবার ব্লক অফিসের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদে নামলেন স্বসহায়ক দলের মহিলারা। মঙ্গলবার সকাল থেকে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের করবুক ব্লকের ক্লাস্টার কো-অর্ডিনেটর সুমন দেবনাথকে অন্যত্র বদলির দাবিতে এই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট আধিকারিক তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁর এমন আচরণে ক্ষুব্ধ হয়েই তাঁকে অবিলম্বে করবুক থেকে সরানোর দাবি জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ মহিলারা একত্রিত হয়ে করবুক আরডি ব্লক অফিসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এর ফলে ব্লকের স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম কার্যত বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা স্পষ্ট জানান, ক্লাস্টার কো-অর্ডিনেটর সুমন দেবনাথকে অন্যত্র বদলি না করা পর্যন্ত তাঁদের অসন্তোষ দূর হবে না।

পরিস্থিতির খবর পেয়ে সকাল ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান ব্লক আধিকারিক শুভ্রজিত পাল। তিনি বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ ও দাবিদাওয়া শোনেন। পাশাপাশি বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

ব্লক আধিকারিকের আশ্বাসের পর আন্দোলনকারীরা তাঁদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন। ফলে ধীরে ধীরে ব্লক অফিসের স্বাভাবিক কাজকর্ম চালুর পথ তৈরি হয়।

তবে ক্লাস্টার কো-অর্ডিনেটরের বিরুদ্ধে ওঠা দুর্ব্যবহারের অভিযোগ এবং তাঁর বদলির দাবি নিয়ে প্রশাসন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্বসহায়ক দলের মহিলারা।

You may also like

Leave a Comment