উদয়পুর, ২০ আগস্ট: গোমতী জেলার উন্নয়নমূলক কাজ আরও দ্রুততার সঙ্গে এবং গুণমান বজায় রেখে সম্পন্ন করার উপর জোর দিলেন ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মা। বৃহস্পতিবার উদয়পুর সার্কিট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি (ডিআইএসএইচএ)-র গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
বৈঠকে গোমতী জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ এবং গোমতী জেলা ডিআইএসএইচএ কমিটির ভাইস-চেয়ারপার্সন কৃতি সিং দেববর্মা।
বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথার, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।
বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা নিজ নিজ বিভাগের উন্নয়নমূলক কাজ, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও সাফল্যের খতিয়ান তুলে ধরেন। বিশেষ করে গ্রামীণ উন্নয়ন, জনকল্যাণ, পরিকাঠামো উন্নয়ন এবং মানুষের জীবিকা উন্নয়নের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে দ্রুত পৌঁছায়, তা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনিক জটিলতা বা অপ্রয়োজনীয় বিলম্বের কারণে কোনও উপভোক্তা যেন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয়।
উন্নয়ন প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি কাজের গুণমান বজায় রাখার বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়। জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে।
বৈঠকে গোমতী জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলির বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশনা দেওয়া হয়।