Home আগরতলামন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কর্মসংস্থানে নতুন দিশা

মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কর্মসংস্থানে নতুন দিশা

by Debasish
0 comments 5 views

ক্যাবিনেটের একগুচ্ছ সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ২০ আগস্ট: সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগ, নতুন পদ সৃষ্টি, পুলিশ ও রেল নিরাপত্তা জোরদার এবং উচ্চশিক্ষার পরিকাঠামো সম্প্রসারণে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলির কথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী

ক্যাবিনেটের অন্যতম বড় সিদ্ধান্ত হল ত্রিপুরা পুলিশের অধীনে ৯১৬টি কনস্টেবল পদে সরাসরি নিয়োগ। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য এই নিয়োগ প্রক্রিয়া হবে। পূর্বের নিয়োগের ধাঁচে শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা-সহ নির্ধারিত ধাপ অনুসরণ করে নিয়োগ সম্পন্ন করা হবে। পুলিশ মহাপরিচালকের নেতৃত্বাধীন বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানান মন্ত্রী।

এদিন GA Printing and Stationery Department-এর অধীন ত্রিপুরা গভর্নমেন্ট প্রেসে ২৭টি গ্রুপ-সি টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। চার্জম্যান, চার্জম্যান রিটাচিং, চার্জম্যান অফসেট মেশিন, কপি হোল্ডার, মেশিনম্যান ও বাইন্ডার-সহ বিভিন্ন কারিগরি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ Joint Recruitment Board of Tripura (JRBT)-এর মাধ্যমে সম্পন্ন হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ১৯টি Lower Division Clerk (LDC) পদ এবং Tribal Welfare Department-এর অধীনে ১৫টি পদ পূরণের সিদ্ধান্ত হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরের ১৫টি পদের মধ্যে ৬টি LDC এবং ৯টি Multi-Tasking Staff (MTS) পদ রয়েছে। এই নিয়োগগুলিও JRBT-এর মাধ্যমে সম্পন্ন হবে।

রেলপথে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিশ্রামগঞ্জ, উদয়পুর, বেলোনিয়া ও সাগরে চারটি নতুন Government Railway Police (GRP) স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এই চারটি স্টেশনের জন্য মোট ১০৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে সাব-ইন্সপেক্টর, মহিলা সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, মহিলা হেড কনস্টেবল, মহিলা কনস্টেবল ও কনস্টেবল ড্রাইভার-সহ বিভিন্ন পদ রয়েছে।

উচ্চশিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। রাজ্যের সরকারি জেনারেল ডিগ্রি কলেজগুলিতে Assistant Professor-এর ২০০টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত পদ সৃষ্টির ক্ষেত্রে; সরাসরি নিয়োগের অনুমোদন দেওয়া হয়নি। পরবর্তী পর্যায়ে অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে পদগুলি পূরণের প্রক্রিয়া শুরু হবে।

এদিনের আরেকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল CCS University Tripura Bill, 2026-এ ক্যাবিনেটের অনুমোদন। রবি শঙ্কর ট্রাস্টের উদ্যোগে ত্রিপুরায় নতুন একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা, আধ্যাত্মিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান পরিচালনা করে এই ট্রাস্ট বলে জানান মন্ত্রী।

প্রস্তাবিত CCS University-তে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, আর্কিটেকচার ও প্ল্যানিং, সমাজবিজ্ঞান ও মানবিকী, কমার্স ও ম্যানেজমেন্ট, আয়ুষ, যোগ ও ন্যাচারোপ্যাথি এবং মেডিক্যাল সায়েন্স-সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ থাকবে। সার্টিফিকেট, ডিপ্লোমা থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল স্তর পর্যন্ত বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

ক্যাবিনেটের এই সিদ্ধান্তগুলিকে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পুলিশ ও রেল নিরাপত্তা জোরদার এবং উচ্চশিক্ষার পরিধি সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

You may also like

Leave a Comment