Home ত্রিপুরাস্কুলে আচমকা পরিদর্শন, গাফিলতির অভিযোগে ১৫ প্রধান শিক্ষককে শোকজ

স্কুলে আচমকা পরিদর্শন, গাফিলতির অভিযোগে ১৫ প্রধান শিক্ষককে শোকজ

by Debasish
0 comments 17 views

সিপাহীজলা: শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়গুলির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সিপাহীজলা জেলায় শুরু হয়েছে ধারাবাহিক সারপ্রাইজ ভিজিট। গত ২৫ আগস্ট থেকে জেলার সাতটি ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে ১৪টি টিমের মাধ্যমে চলছে এই বিশেষ পরিদর্শন অভিযান। জেলা শিক্ষা আধিকারিক কণিকা দেববর্মার নেতৃত্বে পরিচালিত হচ্ছে এই নজরদারি কর্মসূচি।

জানা গেছে, একটি পরিদর্শনকারী দলের নেতৃত্ব দিচ্ছেন জেলা শিক্ষা আধিকারিক নিজেই। অন্যান্য দলগুলিতে রয়েছেন জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর মো. সেলিম, ওএসডি এতনি দেববর্মা, ওএসডি রাকেশ দেববর্মাসহ সাতজন স্টেট আইএস এবং তিনজন টিটিএডিসি আইএস।

পরিদর্শনের সময় বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পড়া ও লেখার দক্ষতার অগ্রগতি, ছাত্রছাত্রীদের উপস্থিতি, শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত উপস্থিতি, পঠনপাঠনের পরিবেশ, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মিড-ডে মিলের ব্যবস্থা ও খাবারের গুণগত মান পরীক্ষা করছেন পরিদর্শনকারী দলের সদস্যরা।

জেলা শিক্ষা আধিকারিক কণিকা দেববর্মা জানিয়েছেন, সারপ্রাইজ ভিজিটে জেলার বিভিন্ন বিদ্যালয়ে ১৫ জন প্রধান শিক্ষকের ক্ষেত্রে একাধিক দুর্বলতা ও ত্রুটি নজরে এসেছে। সেইসব বিষয়কে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট ১৫ জন প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

জেলা শিক্ষা আধিকারিকের বক্তব্য, এই আকস্মিক পরিদর্শনের মূল লক্ষ্য হল বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের একাডেমিক অগ্রগতি যাচাই করার পাশাপাশি পঠনপাঠনের ক্ষেত্রে থাকা বিভিন্ন সমস্যা চিহ্নিত করা। একইসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক পরিদর্শনকারী দলের সঙ্গে অসহযোগিতা করলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, শুক্রবার, ২৮ আগস্ট জম্পুইজলা ব্লকের বিভিন্ন বিদ্যালয়েও সারপ্রাইজ ভিজিট চালানো হয়। আগামী দিনগুলিতেও জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক।

জেলায় নিয়মিত নজরদারি এবং আকস্মিক বিদ্যালয় পরিদর্শনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষানুরাগী মহলের একাংশ। তাঁদের মতে, বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি এবং পড়ুয়াদের শিক্ষার মান নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকলে পঠনপাঠনের পরিবেশ আরও উন্নত হতে পারে।

You may also like

Leave a Comment