Home অপরাধআমতলী পুলিশের বড় সাফল্য, ১টি গাড়িসহ গ্রেপ্তার ২ চোর

আমতলী পুলিশের বড় সাফল্য, ১টি গাড়িসহ গ্রেপ্তার ২ চোর

by Debasish
0 comments 26 views

আগরতলা, ২৯ আগস্ট : রাজধানী আগরতলা ও সংলগ্ন এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় তদন্তে বড়সড় সাফল্যের দাবি করল আমতলী থানার পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে আমতলী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়াগন-আর গাড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতরা চুরি চক্রের সঙ্গে জড়িত।

ধৃতরা হলেন রাজীব সাহা, বাড়ি দক্ষিণ নারায়ণপুর এবং প্রণব দাস, বাড়ি মলয়নগর। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমতলী থানা এলাকা সহ আগরতলা শহরের বিভিন্ন অংশে চুরির ঘটনায় তাদের নাম উঠে এসেছে। চুরি করা সামগ্রী পরিবহন এবং যাতায়াতের কাজে উদ্ধার হওয়া গাড়িটি ব্যবহার করা হতো বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী জানান, সম্প্রতি চোর চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেই অভিযানে দুই সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়েছে।

পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির অভিযোগ রয়েছে। চুরি করা সামগ্রী কোথায় বিক্রি করা হতো এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি চুরি হওয়া সামগ্রী উদ্ধারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি চক্রের আরও সদস্য এবং চুরি হওয়া সামগ্রীর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ।

এদিকে, আমতলী থানা এলাকায় অপরাধ দমনে রাতের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী থানাগুলোর সঙ্গে সমন্বয় রেখে চুরি-সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

You may also like

Leave a Comment