Home ত্রিপুরাসিপাহিজলা চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগারের তিন শাবকের জন্ম

সিপাহিজলা চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগারের তিন শাবকের জন্ম

by Debasish
0 comments 7 views

নতুন অতিথির আগমনে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে ৭

আগরতলা, ৮ অক্টোবর: ফের সুখবর সিপাহিজলা চিড়িয়াখানায়। রয়্যাল বেঙ্গল টাইগারের তিনটি নতুন শাবকের জন্ম হয়েছে। নতুন তিন অতিথির আগমনে সিপাহিজলা জুলজিক্যাল পার্কে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতটিতে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে এই খবর জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৩০ ও ৩১ আগস্টের মধ্যে এই তিনটি শাবকের জন্ম হয়। গত বছর যে একই জোড়া রয়্যাল বেঙ্গল টাইগার তিনটি শাবকের জন্ম দিয়েছিল, তারাই এবারও তিনটি শাবকের জন্ম দিয়েছে।

বর্তমানে তিনটি শাবকই সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে জন্মের পরবর্তী সময়কে শাবকদের জন্য অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচনা করে তাদের স্বাস্থ্যের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। নবজাতক শাবকদের যাতে কোনও ধরনের সংক্রমণ বা পরিবেশগত ঝুঁকির মুখে পড়তে না হয়, সেজন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিপাহিজলা জুলজিক্যাল পার্কের অধিকর্তা সিদ্ধার্থ দেববর্মা জানান, তিনটি শাবকই ভালো রয়েছে। চিড়িয়াখানার কর্মী ও বিশেষজ্ঞরা নিয়মিত তাদের শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন। শাবকদের নিরাপদে বেড়ে ওঠা ও বেঁচে থাকার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

মায়ের সঙ্গে সীমিত সময়, আলাদা নাইট শেল্টার

বন দফতরের পক্ষ থেকে নবজাতক শাবকদের রাতের সময় আলাদা নাইট শেল্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট সময়ে তাদের মায়ের সঙ্গে থাকার সুযোগ দেওয়া হচ্ছে। বিশেষ করে বর্ষা ও প্রতিকূল পরিবেশের কারণে শাবকদের যাতে কোনও ঝুঁকির মুখে পড়তে না হয়, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

প্রধান মুখ্য বনপাল (PCCF) আর কে সামাল জানান, গত বছরও একই বাঘ দম্পতির তিনটি শাবক জন্মেছিল। তাদের মধ্যে একটি শাবকের মৃত্যু হলেও বাকি দুটি বর্তমানে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। বর্তমানে ওই দুই বড় শাবককে আলাদা এনক্লোজারে রাখা হয়েছে।

সাম্প্রতিক জন্ম নেওয়া তিন শাবকও ভালো রয়েছে বলে জানান তিনি। সবকটি শাবকই সুস্থভাবে বেড়ে উঠবে এবং বেঁচে থাকবে বলে আশা প্রকাশ করেন পিসিসিএফ।

আরও নতুন প্রাণী এসেছে চিড়িয়াখানায়

আর কে সামাল জানান, সম্প্রতি সিপাহিজলা জুলজিক্যাল পার্কে বেশ কিছু নতুন প্রাণী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে এক জোড়া চিতাবাঘ এবং এক জোড়া বাঘ।

এর মধ্যেই রয়্যাল বেঙ্গল টাইগারের তিন শাবকের জন্ম চিড়িয়াখানার আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। নতুন অতিথিদের দেখতে আগামী দিনে পর্যটক ও বন্যপ্রাণপ্রেমীদের আগ্রহ আরও বাড়বে বলে আশাবাদী চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

You may also like

Leave a Comment