বর্ষায় কাদা-পাঁকে বেহাল যোগাযোগ ব্যবস্থা, সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি
জোলাইবাড়ি, ৪ সেপ্টেম্বর: বর্ষা শুরু হতেই ফের বেহাল হয়ে পড়েছে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের চরমপাই পাড়া ও মধুলা সর্দার পাড়ার যাতায়াতের রাস্তা। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকা এই রাস্তা বৃষ্টির জলে কর্দমাক্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও কাদা-পাঁক। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ রোগীদের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশার কথা সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের নজরে আনা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা-পাঁক মাড়িয়েই নিত্যদিন চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষ।
রাস্তার এই দুরবস্থা ঘিরে ক্ষোভ ক্রমশ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি মিললেও বাস্তবে সমস্যার স্থায়ী সমাধান হয়নি। দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা না করা হলে আগামী দিনে ভোট বয়কটের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীদের একাংশ।
স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে মাটি বা ইট ফেলে সমস্যার সমাধান নয়, দ্রুত রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে হবে।