Home ত্রিপুরাঅবৈধ বালু উত্তোলনের অভিযোগ, সোনাই নদীতে তলিয়ে গেল মোহনপুর-সোনাই সড়কের বড় অংশ: দ্রুত রাস্তা নির্মাণের দাবি

অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, সোনাই নদীতে তলিয়ে গেল মোহনপুর-সোনাই সড়কের বড় অংশ: দ্রুত রাস্তা নির্মাণের দাবি

by Debasish
0 comments 29 views

মোহনপুর: অবৈধভাবে বালু উত্তোলনের জেরে নদীভাঙন তীব্র হয়ে মোহনপুর থেকে সোনাই যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের একটি বড় অংশ সোনাই নদীতে তলিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন হেজামারা ব্লকের অন্তর্গত এসরাই ও শান্তিপাড়া এলাকার সাধারণ মানুষ। দ্রুত রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের এসরাই এলাকায় মোহনপুর থেকে ১ নম্বর সিমনা বিধানসভা কেন্দ্রের সোনাই যাওয়ার প্রধান সড়কের একটি অংশ সম্প্রতি নদীগর্ভে চলে যায়। ফলে ওই এলাকার মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে জরুরি পরিষেবা ও পণ্য পরিবহণেও সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসরাই শান্তিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণেই নদীর গতিপথ ও পাড়ের স্থিতিশীলতা নষ্ট হয়ে ভাঙন দেখা দিয়েছে এবং শেষ পর্যন্ত রাস্তার বড় অংশ নদীতে তলিয়ে গেছে বলে তাঁদের দাবি।

এই পরিস্থিতিতে স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, স্থানীয় এমডিসি রবীন্দ্র দেববর্মা, মোহনপুর মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীর একাংশ। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয়দের আরও বক্তব্য, ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ না করা হলে আগামী দিনে তাঁদের দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী দ্রুত রাস্তা নির্মাণের পাশাপাশি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। তাঁদের দাবি, রাস্তা পুনর্নির্মাণের পাশাপাশি নদীর পাড় রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করে দেখা হোক।

You may also like

Leave a Comment