Home আগরতলা১৫ দিন ধরে বিদ্যুৎ-পানীয় জল নেই, শিক্ষক সংকট : প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর স্কুলের ছাত্র-অভিভাবকদের

১৫ দিন ধরে বিদ্যুৎ-পানীয় জল নেই, শিক্ষক সংকট : প্রতাপগড়ে পথ অবরোধ রামঠাকুর স্কুলের ছাত্র-অভিভাবকদের

by Debasish
0 comments 13 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা, পাশাপাশি শিক্ষক সংকট—এই তিন দফা সমস্যার দ্রুত সমাধানের দাবিতে শুক্রবার আগরতলার প্রতাপগড় এলাকায় পথ অবরোধে সামিল হলেন রামঠাকুর পাঠশালা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা। প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

অভিযোগ, প্রায় ১৫ দিন ধরে বিদ্যালয়ে বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা কার্যত বন্ধ। ফলে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। একইসঙ্গে পানীয় জলের অভাবে শৌচাগার ব্যবহার থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনেও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের।

শিক্ষার্থী ও অভিভাবকদের আরও অভিযোগ, বিদ্যালয়ে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুতের তার, সিসিটিভি ক্যামেরা, ফ্যান ও লাইট চুরি যাওয়ায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের।

অন্যদিকে, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। বিশেষ করে বিজ্ঞান ও জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত পঠনপাঠন ব্যাহত হচ্ছে। সম্প্রতি কয়েকজন পিজিটি শিক্ষক অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে দাবি ছাত্রছাত্রী ও অভিভাবকদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসরী দাস জানান, বিদ্যুৎ, চুরি ও পরিকাঠামোগত সমস্যার বিষয়ে জেলা শিক্ষা দফতর, আগরতলা পুরনিগম, স্থানীয় ক্লাব এবং পুলিশ প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। বারবার বিদ্যুতের তার চুরি হয়ে যাওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের এই দুর্ভোগে শিক্ষক-শিক্ষিকারাও মর্মাহত বলে জানান প্রধান শিক্ষিকা।

এদিকে, সামনে বোর্ড পরীক্ষা। ফলে দ্রুত বিদ্যালয়ের বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা সমাধানের পাশাপাশি পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন পড়ুয়া ও অভিভাবকরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো সত্ত্বেও কার্যকর সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন।

পথ অবরোধের জেরে প্রতাপগড় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। অবিলম্বে সমস্যাগুলির সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ ছাত্রছাত্রী ও অভিভাবকরা।

You may also like

Leave a Comment