Home ত্রিপুরামাত্র চার শিক্ষকেই ১১০ পড়ুয়ার পাঠশালা, পরিকাঠামোর বেহাল দশায় ক্ষোভ

মাত্র চার শিক্ষকেই ১১০ পড়ুয়ার পাঠশালা, পরিকাঠামোর বেহাল দশায় ক্ষোভ

by Debasish
0 comments 5 views

শিক্ষক নিয়োগ থেকে ডাইনিং হল—একাধিক সমস্যায় জেরবার শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: একদিকে পড়ুয়ার সংখ্যা প্রায় ১১০, অন্যদিকে গোটা স্কুল সামলাতে শিক্ষক-শিক্ষিকা মাত্র চারজন। ফলে স্বাভাবিক পঠন-পাঠন চালিয়ে যেতেই হিমশিম খেতে হচ্ছে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চললেও এখনও তার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।

শুধু শিক্ষক সংকটই নয়, স্কুলের পরিকাঠামো নিয়েও রয়েছে একাধিক অভিযোগ। বিশেষ করে মিড-ডে মিলের সময়ে পড়ুয়াদের বসে খাওয়ার উপযুক্ত ব্যবস্থা না থাকা এবং স্কুল চত্বরে জল নিষ্কাশনের সমস্যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। বৃষ্টি হলেই স্কুল প্রাঙ্গণে জল-কাদা জমে যায়। ফলে পড়ুয়াদের চলাচলেও সমস্যার সৃষ্টি হয় বলে অভিযোগ।

স্কুলের প্রধান শিক্ষিকা বেবি দেব সরকার জানান, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা অত্যন্ত কম হওয়ায় নিয়মিত ক্লাস পরিচালনা এবং অন্যান্য প্রশাসনিক দায়িত্ব সামলাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্কুলের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে জানান তিনি।

পড়ুয়াদের বক্তব্য, মিড-ডে মিলের সময় সুষ্ঠুভাবে বসে খাওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি স্কুল চত্বরে ড্রেন নির্মাণ করা হলে বৃষ্টির সময় জল জমার সমস্যা অনেকটাই কমবে।

অভিভাবকদেরও দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তব পদক্ষেপ প্রয়োজন। শিক্ষক সংকট দূর করার পাশাপাশি স্কুলের ডাইনিং ব্যবস্থা ও জল নিষ্কাশনের পরিকাঠামো তৈরি হলে পড়াশোনার পরিবেশ আরও স্বাভাবিক হবে।

স্কুল কর্তৃপক্ষের দাবি, এলাকার প্রধান ও স্কুল কমিটির কাছে একাধিকবার সমস্যাগুলি জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর সমাধান মেলেনি। ফলে দ্রুত শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিক—এই দাবিই এখন জোরালো হচ্ছে।

You may also like

Leave a Comment