আগরতলা, ১৯ আগস্ট: যথাযোগ্য মর্যাদায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী পালন করল রাজ্য বন দপ্তর। বুধবার আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীরা।
অনুষ্ঠানে মহারাজা বীর বিক্রমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বনমন্ত্রী। তাঁর বক্তব্যে ত্রিপুরার উন্নয়নে মহারাজার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করা হয়। বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য এবং জনকল্যাণের ক্ষেত্রে তাঁর দূরদর্শী উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচির পাশাপাশি এদিন বন দপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা দপ্তরের আধিকারিক ও কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণে অংশ নেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রাজ্যের সবুজ আচ্ছাদন বৃদ্ধি করতে আরও বেশি করে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়।
বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মহারাজা বীর বিক্রমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব ও সবুজ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।
মহারাজার উন্নয়ন ও জনকল্যাণমূলক ভাবনার স্মৃতিকে পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত করে বন দপ্তরের এই উদ্যোগ অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য বহন করে।