Home আগরতলাবিধানসভায় উত্তেজনা: অধ্যক্ষের নির্দেশে এক দিনের জন্য বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ

বিধানসভায় উত্তেজনা: অধ্যক্ষের নির্দেশে এক দিনের জন্য বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ

by Debasish
0 comments 4 views

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুকে ঘিরে কথিত সুইসাইড নোটের প্রসঙ্গ তুলতেই তুমুল বাকবিতণ্ডা, ওয়েলে নেমে বিরোধীদের বিক্ষোভ

আগরতলা, ৩১ আগস্ট: ত্রিপুরা বিধানসভায় সোমবার তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশনের তৃতীয় দিনে শূন্যকাল চলাকালীন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে এক দিনের জন্য বিধানসভা থেকে বহিষ্কারের নির্দেশ দেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অসংসদীয় ভাষা ব্যবহার এবং বিধানসভার কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার সূত্রপাত শূন্যকাল চলাকালীন। ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের মৃত্যুকে ঘিরে কথিত সুইসাইড নোটের বিষয়টি বিধানসভায় উত্থাপনের চেষ্টা করেন সুদীপ রায় বর্মণ। তবে অধ্যক্ষ বিষয়টি উত্থাপনে বাধা দেন। এরপরই শাসক ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে সুদীপ রায় বর্মণ ফের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে তাঁর বক্তব্যে আপত্তি জানান অধ্যক্ষ। অভিযোগ, সেই সময় তিনি অসংসদীয় ভাষা ব্যবহার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধ্যক্ষ তাঁকে এক দিনের জন্য বিধানসভা থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

অধ্যক্ষের সিদ্ধান্তের পর কংগ্রেস ও সিপিআই(এম)-এর বিধায়করা সুদীপ রায় বর্মণের নেতৃত্বে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। বিরোধী বিধায়কদের দাবি ছিল, ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুকে ঘিরে কথিত সুইসাইড নোটের বিষয়টি বিধানসভায় আলোচনা করার সুযোগ দিতে হবে।

বিরোধীদের বিক্ষোভের জেরে বিধানসভার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ঘটনাকে কেন্দ্র করে অধিবেশন কক্ষে উত্তেজনা আরও বাড়তে থাকে। ডিজিপির মৃত্যুকে ঘিরে ওঠা প্রশ্ন এবং বিষয়টি বিধানসভায় আলোচনার দাবিকে কেন্দ্র করে এদিনের অধিবেশন কার্যত সরগরম হয়ে ওঠে।

You may also like

Leave a Comment