Home ত্রিপুরাগোলকপুরে ভোটার প্রভাবিত করতে মদ বিলির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতা মহম্মদ বদরুজ্জামান

গোলকপুরে ভোটার প্রভাবিত করতে মদ বিলির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কংগ্রেস নেতা মহম্মদ বদরুজ্জামান

by Debasish
0 comments 2 views

কৈলাশহর, ২৮ সেপ্টেম্বর: গোলকপুর ব্লকের তিনটি ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের প্রভাবিত করতে মদ বিলি এবং ভয় দেখানোর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা মহম্মদ বদরুজ্জামান। সোমবার ভোটগ্রহণ চলাকালীন তিনি এই অভিযোগ সামনে আনেন।

বদরুজ্জামানের অভিযোগ, রবিবার রাত থেকেই গোলকপুর ব্লকের ভিলিয়াপাড়া, দেবস্থল চা-বাগান এবং হীরাছড়া চা-বাগান এলাকায় কয়েকটি দল বাড়ি বাড়ি গিয়ে মদ বিতরণ করেছে। ভোটারদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোট দিতে প্রভাবিত করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

কংগ্রেস নেতার দাবি, বিষয়টি নজরে আসার পরই নির্বাচন পর্যবেক্ষক এবং পুলিশের সেক্টর অফিসারকে জানানো হয়। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদনও করা হয়। তবে তাঁর অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বা কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

এছাড়াও বিজেপি ও তিপ্রা মথার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছেন বদরুজ্জামান। তাঁর দাবি, নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোট না দিলে সরকারি সুযোগ-সুবিধা বা সহায়তা থেকে বঞ্চিত করা হতে পারে—এমন হুমকি দেওয়া হচ্ছে ভোটারদের।

তবে এখনও পর্যন্ত গোলকপুর ব্লক এলাকায় কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। তাঁর দাবি, ভয়ভীতি উপেক্ষা করে বহু ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন।

অন্যদিকে, ভোটের দিন বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণে রিটার্নিং অফিসারের নির্দেশ থাকা সত্ত্বেও শহর এলাকার বিজেপি কর্মীদের অবাধে এলাকায় ঘোরাফেরার অভিযোগও তোলেন কংগ্রেস নেতা।

বদরুজ্জামান পুলিশ, রিটার্নিং অফিসার এবং সেক্টর অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, অবিলম্বে সংশোধনমূলক পদক্ষেপ না নিলে স্থানীয় ভোটারদের মধ্যে ক্ষোভ ও প্রতিরোধ তৈরি হতে পারে।

You may also like

Leave a Comment