Home আগরতলাতিপ্রা মথার বিধায়কদের প্রশ্নের মান্যতা মিলছে না, বিধানসভায় সরব রঞ্জিত দেববর্মা

তিপ্রা মথার বিধায়কদের প্রশ্নের মান্যতা মিলছে না, বিধানসভায় সরব রঞ্জিত দেববর্মা

by Debasish
0 comments 19 views

আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় তিপ্রা মথার বিধায়কদের জমা দেওয়া একাধিক প্রশ্ন মান্যতা না পাওয়া এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তালিকায় পিছিয়ে দেওয়ার অভিযোগ তুললেন দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। শুক্রবার বিধানসভার অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হয়ে প্রশ্ন জমা ও বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার দাবি জানান তিনি।

অধিবেশনে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে রঞ্জিত দেববর্মা অভিযোগ করেন, সরকারি নোটিফিকেশন জারির পর নির্ধারিত সময়ের মধ্যেই বিধানসভা সচিবালয়ে প্রশ্ন জমা দেওয়া হলেও অনেক সাধারণ ও জনগুরুত্বপূর্ণ প্রশ্ন ‘ডিসঅ্যালাউ’ করা হচ্ছে। পাশাপাশি কিছু প্রশ্ন প্রশ্নোত্তর পর্বের তালিকায় পিছনের দিকে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রঞ্জিত দেববর্মার বক্তব্য, “সরকারি নোটিফিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গেই, বিশেষ করে সকাল ৯টার মধ্যে, আমরা বিধানসভা সচিবালয়ে প্রশ্ন জমা দিয়ে রিসিভ কপি নিই। তারপরও আমাদের সাধারণ ও জনগুরুত্বপূর্ণ প্রশ্ন বাতিল করা হচ্ছে। অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন তালিকা থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে।”

মৎস্য ক্ষেত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন জমা দেওয়ার পরও সেগুলি কেন তালিকায় স্থান পাচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রশ্ন জমা দেওয়ার প্রক্রিয়া এবং প্রশ্ন ‘ব্যাচিং’-এর বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ বিধানসভা কমিটি গঠনের দাবিও জানান তিপ্রা মথার এই বিধায়ক।

অন্যদিকে, অভিযোগের জবাবে বিধানসভার অধ্যক্ষ রামপদ জামাতিয়া জানান, প্রশ্ন জমা ও তালিকাভুক্তির ক্ষেত্রে বিধানসভা সচিবালয়ে নির্দিষ্ট নিয়ম মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করা হয়। তাঁর দাবি, কোন প্রশ্ন আগে জমা পড়েছে, তা নির্ধারিত পদ্ধতিতে নথিভুক্ত ও পর্যবেক্ষণ করা হয় এবং সেই অনুযায়ী প্রশ্নের ক্রম নির্ধারিত হয়।

অধ্যক্ষ বলেন, “বিধানসভায় প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়। নিয়ম অনুযায়ী যে প্রশ্ন আগে জমা পড়ে, ক্রমানুসারে সেটিই তালিকায় স্থান পায়। এতে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই।”

প্রশ্ন জমা, বাছাই ও তালিকাভুক্তির ক্ষেত্রে বিধানসভা সচিবালয় নির্ধারিত নিয়ম মেনেই কাজ করছে বলে জানান অধ্যক্ষ। ফলে বিরোধী দলের অভিযোগ ঘিরে বিধানসভায় প্রশ্নের মান্যতা ও তালিকাভুক্তির প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

You may also like

Leave a Comment