নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হয়ে যাওয়ার দু’দিনের মধ্যেই ১০ বছরের এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিল আসাম রাইফেলস। মানবিকতা ও তৎপরতার পরিচয় দিয়ে রাধানগর, ত্রিপুরা থেকে নিখোঁজ শিশু জোসেফ মাওকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।
জানা যায়, ২২ আগস্ট নাগাল্যান্ডের ডিমাপুরের নেসাতুও কলোনি থেকে নিখোঁজ হয়ে যায় ১০ বছরের জোসেফ মাও। পরদিন, ২৩ আগস্ট ডিমাপুর থেকে ট্রেনে একা যাতায়াত করার সময় শিশুটির দিকে নজর পড়ে অসম রাইফেলসের রাইফেলম্যান লরেন্স হ্রাংখাওলের। শিশুটির সঙ্গে একটি স্কুলব্যাগ ছিল এবং তার সঙ্গে কোনও অভিভাবক ছিলেন না। জোসেফ নিজের সঠিক ঠিকানা কিংবা কেন ট্রেনে উঠেছিল, সে সম্পর্কেও স্পষ্টভাবে কিছু বলতে পারেনি।
পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে রাইফেলম্যান লরেন্স হ্রাংখাওল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং শিশুটিকে নিরাপদে অসম রাইফেলসের রাধানগর, ত্রিপুরা অবস্থানে নিয়ে আসেন।
এরপর শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান শুরু হয়। যাচাই-বাছাইয়ের সময় সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া নিখোঁজ শিশুর একটি আবেদন নজরে আসে। সেই সূত্র ধরে জোসেফের বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাঁদের সন্তানের নিরাপদে উদ্ধারের খবর জানানো হয়।
পরবর্তীতে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গেও বিষয়টি সমন্বয় করা হয়, যাতে সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।
অসম রাইফেলসের এই দ্রুত ও মানবিক উদ্যোগে নিখোঁজ শিশুর পরিবার স্বস্তি ফিরে পায়। কর্তব্যরত জওয়ানের সতর্কতা ও সময়োচিত পদক্ষেপের ফলে বড় ধরনের বিপদ এড়িয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।