Home আগরতলা৬০ ঊর্ধ্ব নাগরিকদের কল্যাণে বিশেষ উদ্যোগের দাবি, মুখ্যমন্ত্রীকে আসিশ কুমার সাহার চিঠি

৬০ ঊর্ধ্ব নাগরিকদের কল্যাণে বিশেষ উদ্যোগের দাবি, মুখ্যমন্ত্রীকে আসিশ কুমার সাহার চিঠি

by Debasish
0 comments 0 views

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ বছর ও তার ঊর্ধ্বে বয়সের সমস্ত প্রবীণ নাগরিকের জন্য ছবি-সহ পৃথক পরিচয়পত্র চালুর দাবি জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এ বিষয়ে শনিবার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার কাছে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আসিশ কুমার সাহা।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ভারত সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রবীণ নাগরিকদের জন্য একাধিক অধিকার ও সুযোগ-সুবিধা থাকলেও ত্রিপুরায় অনেক ক্ষেত্রেই সেগুলি সহজে পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাশাপাশি জনসংখ্যার বিভিন্ন অংশ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায় ও মহিলাদের জীবিকা এবং প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও নানা সমস্যার কথা তুলে ধরেন তিনি।
আসিশ কুমার সাহার প্রস্তাব, রাজ্য সরকার উপযুক্ত কোনও কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়ে ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিকদের ছবি-সহ পরিচয়পত্র প্রদান করুক। তাঁর মতে, এই পরিচয়পত্র থাকলে প্রবীণরা সরকারি স্বীকৃত বিভিন্ন সুবিধা ও পরিষেবা সহজে গ্রহণ করতে পারবেন।
প্রস্তাবিত পরিচয়পত্রের মাধ্যমে প্রবীণদের জন্য ফিক্সড ডিপোজিট ও সঞ্চয় প্রকল্পে বিশেষ সুদের সুবিধা, প্রযোজ্য আয়কর ছাড় এবং রেল, বিমানসহ বিভিন্ন পরিবহণ ব্যবস্থায় ভাড়ায় ছাড় পাওয়ার বিষয়টি বিবেচনা করার দাবি জানানো হয়েছে।
এছাড়াও বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা পরিষেবায় প্রবীণদের জন্য বিশেষ ছাড়, আদালতে মামলার শুনানির ক্ষেত্রে অগ্রাধিকার এবং স্বল্প খরচে বৃদ্ধাশ্রম বা প্রবীণ পরিচর্যা কেন্দ্রে থাকার সুযোগ দেওয়ার প্রস্তাব রেখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র, বৈধ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ এবং ত্রিপুরায় বসবাসের স্বীকৃত নথিকে যোগ্যতার ভিত্তি হিসেবে বিবেচনা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment