আগরতলা, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধারের দাবি করেছে সোনামুড়া থানার পুলিশ। অভিযানে একটি সাদা রঙের বলেরো গাড়ি আটক করার পাশাপাশি গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৬৭ কেজি ১১০ গ্রাম বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধনপুর থেকে ইন্দুরিয়াগামী প্রধান সড়কে সন্দেহজনকভাবে চলাচলকারী একটি সাদা বলেরো গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে মোট ১৬টি প্যাকেটে থাকা শুকনো গাঁজা উদ্ধার হয়। প্যাকেটগুলি কালো রঙের টিউব দিয়ে মোড়ানো অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশের দাবি, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাস্থলেই উদ্ধার হওয়া গাঁজা ও গাড়ি জব্দ করা হয়েছে। ঘটনায় চালক ও তার সহযোগীদের বিরুদ্ধে NDPS আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতার চালককে শনিবার সোনামুড়া মহামান্য আদালতে পেশ করা হয়। পুলিশ তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন জানালে কেস ডায়েরি পর্যালোচনা করে আদালত চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
বর্তমানে সোনামুড়া থানার বিশেষ পুলিশ টিম অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি ও নেটওয়ার্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই তথ্য রাজ্য ও কেন্দ্রীয় স্তরের সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে যাচাই করা হচ্ছে।
তদন্তে আরও তথ্য ও উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।