রানীরবাজার, ২৩ আগস্ট: টানা প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়েছে মজলিশপুর বিধানসভা এলাকার রানীরবাজারের কৃষ্ণটালির বেশ কিছু এলাকা। অতিবৃষ্টির কারণে বিভিন্ন নিচু এলাকায় জল জমে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন মজলিশপুরের বিধায়ক সুশান্ত চৌধুরী।
পরিদর্শনের সময় তিনি জলমগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। বৃষ্টির জেরে কোথায় কী ধরনের সমস্যা তৈরি হয়েছে, সেই বিষয়েও স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
দুর্যোগের এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে দ্রুত প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্থানীয়দের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখার পাশাপাশি প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জলমগ্ন এলাকায় আটকে পড়া বা সমস্যায় থাকা মানুষদের যাতে কোনও ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।
এদিকে বৃষ্টির পরিস্থিতি ও জলস্তরের উপর প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।