Home আগরতলালক্ষ্মীপুজোর সন্ধ্যায় আগুন কালী বাজারে, অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে বামুটিয়া

লক্ষ্মীপুজোর সন্ধ্যায় আগুন কালী বাজারে, অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে বামুটিয়া

by Debasish
0 comments 4 views

আগরতলা, ২৬ অক্টোবর: লক্ষ্মীপুজোর সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল বামুটিয়ার কালী বাজারে। বাজারের আবর্জনার স্তূপে আগুন লাগাকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। তবে স্থানীয় ব্যবসায়ীদের দ্রুত তৎপরতা এবং পরে মোহনপুর দমকল বাহিনীর হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাজারের একাধিক দোকান।

মোহনপুর মহকুমার পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন এই সরকারি বাজারটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। অথচ বাজারের পরিকাঠামো ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, বাজার থেকে নিয়মিত রাজস্ব আদায় করা হলেও আবর্জনা অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জরুরি পরিষেবার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ চোখে পড়ছে না।

ব্যবসায়ীদের বক্তব্য, বাজার চত্বরে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা শুধু পরিবেশ দূষণ ও দুর্গন্ধের কারণ হয়ে দাঁড়ায়নি, অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়িয়ে তুলছে। পর্যাপ্ত জলের পাম্প এবং আগুন নেভানোর প্রাথমিক পরিকাঠামো না থাকায় সামান্য আগুন থেকেও বড় বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাজারের শৌচালয়ের বেহাল দশা নিয়েও ক্ষোভ রয়েছে তাঁদের মধ্যে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, বামুটিয়া থেকে মোহনপুর কিংবা আগরতলার দমকল কেন্দ্রের দূরত্ব প্রায় ১৬ থেকে ১৭ কিলোমিটার। ফলে জরুরি মুহূর্তে দমকলের ইঞ্জিন পৌঁছতে দেরি হলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। এর আগেও কালী বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টি তৈরির কারখানা সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। সেই স্মৃতি এখনও তাজা। এরই মধ্যে ফের আগুন লাগার ঘটনায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা।

বারবার অগ্নিকাণ্ডের ঘটনা সত্ত্বেও বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি সরকারি বাজারে কেন এখনও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ পরিকাঠামো গড়ে তোলা হয়নি? কেন নিয়মিত আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না?

লক্ষ্মীপুজোর সন্ধ্যায় বড়সড় বিপদ এড়ানো গেলেও কালী বাজারের এই ঘটনা ফের প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভবিষ্যতে আরও বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই বাজারের আবর্জনা পরিষ্কার, অগ্নিনির্বাপণ পরিকাঠামোর উন্নয়ন এবং বামুটিয়ায় একটি স্থায়ী দমকল কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে পরবর্তী কোনও অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

You may also like

Leave a Comment