Home কৃষিসোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা

by Debasish
0 comments 7 views

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে শনিবার সোনামুড়া এগ্রি মার্কেটে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধানের গুণমান যাচাইয়ের পর নির্দিষ্ট শতাংশ ধান বাদ দেওয়াকে কেন্দ্র করে কৃষকদের সঙ্গে ক্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মতবিরোধের সৃষ্টি হয়। পরে দীর্ঘ আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান হয় এবং পুনরায় ধান কেনার প্রক্রিয়া শুরু হয়।

জানা গেছে, ২৩ আগস্ট থেকে সোনামুড়া এগ্রি মার্কেটে সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। দু’দিন ধরে চলার কথা এই ধান ক্রয় প্রক্রিয়া। এদিন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু কৃষক তাঁদের উৎপাদিত ধান নিয়ে ক্রয়কেন্দ্রে উপস্থিত হন।

ধানের মান যাচাইয়ের পর প্রায় ৫ শতাংশ ধান বাদ দেওয়ার বিষয়টি সামনে আসতেই আপত্তি জানান কয়েকজন কৃষক। তাঁদের অভিযোগ, বাজারে ধান নিয়ে আসার পর নির্দিষ্ট পরিমাণ ধান বাদ দিলে তাঁদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কৃষকদের বক্তব্য, ধান আনার আগেই মানদণ্ড এবং কত শতাংশ ধান বাদ দেওয়া হতে পারে, সে বিষয়ে স্পষ্টভাবে জানানো হলে তাঁরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারতেন।

অন্যদিকে, ফুড ইনচার্জ রাজ মলসন জানান, ধানের গুণমান যাচাইয়ের পর সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শতাংশ ধান বাদ দেওয়া হয়। তিনি দাবি করেন, বড় ধানের ফলন ভালো না হওয়ায় দেশের বিভিন্ন স্থানে সরকারি পর্যায়ে এই ধরনের ধান সাধারণত ক্রয় করা হয় না। তবে এ ক্ষেত্রে FCI-এর কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সোনামুড়ায় ধান কেনা হচ্ছে বলে জানান তিনি।

কৃষকদের আপত্তিকে কেন্দ্র করে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে তাঁদের সঙ্গে আলোচনায় বসেন ফুড ইনচার্জ রাজ মলসন এবং এগ্রিকালচার ইন্সপেক্টর সুব্রত দেববর্মা। দীর্ঘক্ষণ আলোচনার পর কৃষকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কৃষকরাও সেই সিদ্ধান্তে সম্মতি জানান এবং ফের শুরু হয় ধান কেনার প্রক্রিয়া।

এদিনের ঘটনায় শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে জটিলতার অবসান হলেও কৃষকদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ভবিষ্যতে ধান বাজারে নিয়ে আসার আগেই ধানের গুণমান যাচাইয়ের মানদণ্ড এবং সম্ভাব্য বাদ দেওয়ার শতাংশ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হোক। এতে কৃষক ও ক্রয়কেন্দ্রের মধ্যে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।

You may also like

Leave a Comment